আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৬২
আন্তর্জাতিক নং: ২২৮৬-৩
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
৭. নবী (ﷺ) এর শেষ নবী হওয়ার বিবরণ
৫৭৬২। ইয়াহয়া ইবনে আইয়ুব, কুতায়বা ও ইবনে হুজর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার দৃষ্টান্ত এবং আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত সে ব্যক্তির দৃষ্টান্তের ন্যায়, যে একটি আট্টালিকা বানাল এবং তা সুন্দর ও সুদৃশ্য করল। তবে তার কোণগুলোর কেন এক কোণে একটি ইটের জায়গা ছাড়া। লোকেরা তার চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগল আর তা দেখে বিস্মিত হতে লাগল এবং পরস্পর বলতে লাগল, ঐ ইটখানি স্থাপন করা হল না কেন? (নবী (ﷺ)) বলেনঃ আমি-ই সে ইটখানি আর আমি নবীগণের মোহর (ও শেষ নবী)।
كتاب الفضائل
باب ذِكْرِ كَوْنِهِ صلى الله عليه وسلم خَاتَمَ النَّبِيِّينَ
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَثَلِي وَمَثَلُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بُنْيَانًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ إِلاَّ مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ مِنْ زَوَايَاهُ فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ وَيَقُولُونَ هَلاَّ وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ - قَالَ - فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ " .
হাদীসের ব্যাখ্যা:
কুরআন মজীদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খাতামুন্নাবিয়্যীন বলা হয়েছে এবং অনেক হাদীসেও। আর নিঃসন্দেহে এটা তাঁর প্রতি আল্লাহ্ তা'আলার বিরাট নি'আমত যে, কিয়ামত পর্যন্ত তিনিই গোটা মনুষ্য জগতের জন্য আল্লাহর নবী ও রাসূল। আলোচ্য হাদীসে তিনি নিজের শ্রেষ্ঠত্বের বাস্তবতা ও প্রকারকে এক সাধারণ বোধসম্পন্ন দৃষ্টান্তের দ্বারা বুঝিয়েছেন, যা এরূপ সহজবোধ্য যে এটা বুঝাবার জন্যে কোন ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। আলোচ্য হাদীস এ কথা বলে দেয় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পূর্বে যে হাজার হাজার নবী এসেছেন তাঁদের আগমনে যেন নবুওতী প্রাসাদের নির্মাণ কাজ চলছিল এবং পূর্ণতায় পৌঁছেছিল, কেবল একটি ইটের স্থান শূন্য ছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রেরণ ও আগমনে সেটাও পূর্ণতা লাভ করে নবুওতী প্রাসাদ সম্পূর্ণ পূর্ণতায় পৌঁছে। না কোন নতুন নবী ও রাসূল আগমনের প্রয়োজন বাকি রয়েছে, না সুযোগ আছে। এ জন্য আল্লাহ্ তা'আলার নিকট হতে নবুওত ও রিসালতের ধারাবাহিকতা শেষ এবং এর কপাট বন্ধ করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শেষ নবী হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلى آلِهِ وَصَحْبِهِ وَبَارَكَ وَسَلَّمَ
صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلى آلِهِ وَصَحْبِهِ وَبَارَكَ وَسَلَّمَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)