আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৬৪
আন্তর্জাতিক নং: ২২৮৭-২
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
৭. নবী (ﷺ) এর শেষ নবী হওয়ার বিবরণ
৫৭৬৪। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আমার দৃষ্টান্ত এবং নবীগণের দৃষ্টান্ত সে ব্যক্তির দৃষ্টান্তের ন্যায়, যে একটি গৃহ নির্মাণ করল এবং সে তা সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ করল কিন্তু একখানি ইটের জায়গা ব্যতীত। লোকেরা তাতে প্রবেশ করতে লাগল এবং তা দেখে বিস্মিত হতে লাগল এবং বলাবলি করতে লাগল, যদি এ একখানি ইটের জায়গা খালি না থাকত (তবে কতই না ভাল হতো)! রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি হলাম সে ইটের জায়গায়। আমি আগমন করলাম এবং নবীগণের ধারাক্রম সমাপ্ত করলাম।

মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... সালীম ইবনে হাইয়ান (রাহঃ) সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি أَتَمَّهَا (পরিপূর্ণ)-এর স্থলে أَحْسَنَهَا (সুন্দর করেছে) বলেছেন।
كتاب الفضائل
باب ذِكْرِ كَوْنِهِ صلى الله عليه وسلم خَاتَمَ النَّبِيِّينَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا سَعِيدُ، بْنُ مِينَاءَ عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَثَلِي وَمَثَلُ الأَنْبِيَاءِ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا فَأَتَمَّهَا وَأَكْمَلَهَا إِلاَّ مَوْضِعَ لَبِنَةٍ فَجَعَلَ النَّاسُ يَدْخُلُونَهَا وَيَتَعَجَّبُونَ مِنْهَا وَيَقُولُونَ لَوْلاَ مَوْضِعُ اللَّبِنَةِ " . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَأَنَا مَوْضِعُ اللَّبِنَةِ جِئْتُ فَخَتَمْتُ الأَنْبِيَاءَ " .
وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سَلِيمٌ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ وَقَالَ بَدَلَ أَتَمَّهَا أَحْسَنَهَا .

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খাতামুন্নাবিয়্যীন বলা হয়েছে এবং অনেক হাদীসেও। আর নিঃসন্দেহে এটা তাঁর প্রতি আল্লাহ্ তা'আলার বিরাট নি'আমত যে, কিয়ামত পর্যন্ত তিনিই গোটা মনুষ্য জগতের জন্য আল্লাহর নবী ও রাসূল। আলোচ্য হাদীসে তিনি নিজের শ্রেষ্ঠত্বের বাস্তবতা ও প্রকারকে এক সাধারণ বোধসম্পন্ন দৃষ্টান্তের দ্বারা বুঝিয়েছেন, যা এরূপ সহজবোধ্য যে এটা বুঝাবার জন্যে কোন ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। আলোচ্য হাদীস এ কথা বলে দেয় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পূর্বে যে হাজার হাজার নবী এসেছেন তাঁদের আগমনে যেন নবুওতী প্রাসাদের নির্মাণ কাজ চলছিল এবং পূর্ণতায় পৌঁছেছিল, কেবল একটি ইটের স্থান শূন্য ছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রেরণ ও আগমনে সেটাও পূর্ণতা লাভ করে নবুওতী প্রাসাদ সম্পূর্ণ পূর্ণতায় পৌঁছে। না কোন নতুন নবী ও রাসূল আগমনের প্রয়োজন বাকি রয়েছে, না সুযোগ আছে। এ জন্য আল্লাহ্ তা'আলার নিকট হতে নবুওত ও রিসালতের ধারাবাহিকতা শেষ এবং এর কপাট বন্ধ করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শেষ নবী হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلى آلِهِ وَصَحْبِهِ وَبَارَكَ وَسَلَّمَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)