আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৭- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৫৯৬৫
আন্তর্জাতিক নং: ২৩৮৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
১. আবু বকর সিদ্দীক (রাযিঃ) এর ফযীলত
৫৯৬৫। উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তাঁর রোগ শয্যায় বললেনঃ তোমার আব্বা ও ভাইকে তুমি ডাক। আমি একটা পত্র লিখে দই। কেননা আমি ভয় করছি যে, কোন বাসনা পোষণকারী বাসনা করবে, আর কেউ বলবে, আমিই অগ্রাধিকারী (অধিক যোগ্য)। অথচ আবু বকর ছাড়া অন্য কাউকে আল্লাহ অস্বীকার করেন এবং মুসলমানরাও (অস্বীকার করে)।
كتاب فضائل الصحابة رضى الله تعالى عنهم
باب مِنْ فَضَائِلِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رضى الله عنه
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ " ادْعِي لِي أَبَا بَكْرٍ وَأَخَاكِ حَتَّى أَكْتُبَ كِتَابًا فَإِنِّي أَخَافُ أَنْ يَتَمَنَّى مُتَمَنٍّ وَيَقُولَ قَائِلٌ أَنَا أَوْلَى . وَيَأْبَى اللَّهُ وَالْمُؤْمِنُونَ إِلاَّ أَبَا بَكْرٍ " .

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, রাসুলুল্লাহ ﷺ তাঁর ইনতিকালের রোগে এরূপ ইচ্ছা পোষণ করেছিলেন যে, তাঁরপর খলীফা হিসাবে আবু বকর-এর নাম ঘোষণা করবেন এবং খিলাফতনামা লিপিবদ্ধ করাবেন। আর একে পূর্ণতার স্তরে পৌঁছানোর জন্য হযরত আবু বকর ও তাঁর পুত্র আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকাতেও ইচ্ছা করেছিলেন। তবে এরপর তাঁর হৃদয়ে একথা সুস্পষ্ট হয়ে ওঠে এবং দৃঢ় প্রতিতী জন্মে যে, আল্লাহর নিকট এটাই স্থির হয়ে আছে। আমার পর মু'মিনগণ আবু বকর ছাড়া কাউকে খলীফা নির্বাচন করবে না। তাই তিনি তাঁর এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনিয়তা মনে করেন নি। তিনি এটাই সংগত মনে করে যে, আমার ঘোষণা ছাড়াই মু'মিনদের নির্বাচনে তিনি খলীফা হবেন। সুতরাং তাই হয়েছিল।

বস্তুত আলোচ্য হাদীস থেকে এটা জানা গেল যে, স্থলবর্তী মনোনয়নও এক পদ্ধতি, যে বিষয়ে তিনি চিন্তা করেছিলেন এবং তা প্রকাশও করেছিলেন। সিদ্দীকে আকবর (রা) যখন তাঁর পরবর্তী যুগের জন্য হযরত উমর (রা) কে খলীফা হিসাবে মনোনয়ন দান করেন তখন সম্ভবত তাঁর সামনে দলীল হিসাবে রাসূলুল্লাহ ﷺ-এর এ ইচ্ছাই ছিল। এরপর হযরত উমর (রা) তাঁর পরবর্তী খলীফা মনোনয়নের পরিবর্তে বিষয়টিকে একটি পরামর্শ সভার ওপর ছেড়ে দেন। এতে তিনি হুজুর ﷺ-এর কর্মপদ্ধতি থেকে আলো গ্রহণ করেছিলেন। বস্তুত এই এক হাদীস থেকে জানা গেল যে, খলীফা মনোনয়ন করা এবং নির্বাচন করাও সঠিক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)