আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৮- সদ্ব্যবহার,আত্নীয়তা রক্ষা (মুআশারা) ও বিবিধ শিষ্টাচার

হাদীস নং: ৬৪৮০
আন্তর্জাতিক নং: ২৬৪২-১
- সদ্ব্যবহার,আত্নীয়তা রক্ষা (মুআশারা) ও বিবিধ শিষ্টাচার
৫১. নেককার লোকের প্রশংসা সুসংবাদ স্বরূপ এবং তা তার ক্ষতির কারণ নয়
৬৪৮০। ইয়াহয়া ইবনে ইয়াহয়া তামিমী, আবু রাবী, আবু কামিল (জাহদারী), ফুযায়ল ইবনে হুসাইন (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আরয করা হল, সেই ব্যক্তি সম্পর্কে কি অভিমত, যে নেক আমল করে এবং লোকেরা তার প্রশংসা করে? তিনি বললেন, এতো মুমিন ব্যক্তির জন্য তাৎক্ষণিক (আগাম) সুসংবাদ।
كتاب البر والصلة والآداب
باب إِذَا أُثْنِيَ عَلَى الصَّالِحِ فَهِيَ بُشْرَى وَلاَ تَضُرُّهُ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَأَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ - وَاللَّفْظُ لِيَحْيَى - قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قِيلَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرَأَيْتَ الرَّجُلَ يَعْمَلُ الْعَمَلَ مِنَ الْخَيْرِ وَيَحْمَدُهُ النَّاسُ عَلَيْهِ قَالَ " تِلْكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ " .

হাদীসের ব্যাখ্যা:

সাহাবায়ে কিরাম নবী করীম ﷺ-এর অমূল্য উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। তাঁরা রিয়ার ব্যাপারে খুব সতর্ক ও শঙ্কিত ছিলেন। নেক ব্যক্তির নেক আমলের প্রশংসা সম্পর্কে কোন কোন সাহাবার মনে সন্দেহের সৃষ্টি হয়েছিল। হয়ত তারা ধারণা করেছিলেন, এরূপ প্রশংসা করাও আল্লাহর নিকট অপসন্দনীয় এবং রিয়ার সমতুল্য।

যেরূপ আল্লাহ রিয়াকারীকে দুনিয়া ও আখিরাতে অপমানিত করেন, সেরূপ তিনি বিশুদ্ধ নিয়্যতসহকারে সৎকর্ম সম্পাদনকারীকেও দুনিয়া ও আখিরাতে অজস্র কল্যাণ দান করেন। যে বান্দা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করেন, আল্লাহ তার নেক আমলকে পসন্দ করেন, তাকে মহব্বত করেন। আসমানবাসী ও দুনিয়াবাসীর কাছে তাঁর মাহবুব বান্দার নাম প্রচার করার জন্য জিবরাঈল (আ)-কে আদেশ করেন এবং জিবরাঈল (আ) তা করেন। এভাবে আল্লাহর নেক বান্দার কাজ আসমান ও দুনিয়ায় প্রচারিত ও প্রশংসিত হয়। আল্লাহর নেক বান্দা মানুষের প্রশংসার আকাঙ্ক্ষী নন, তিনি মানুষের প্রশংসা অপসন্দ করেন এবং তিনি একমাত্র আল্লাহর মহব্বত, ভালবাসা ও সন্তুষ্টি চান, কিন্তু আল্লাহ মানুষের মনে তাঁর মাহবুব বান্দার মহব্বত সৃষ্টি করে দেন। এটা মু'মিন বান্দার খালেস সৎকর্মের নগদ প্রতিফল। আখিরাতের যিন্দেগীতে তাকে যা দান করা হবে, তা আরো বিরাট ও মহান।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)