আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫১- যিকর, দুআ, তাওবা ও ইসতিগফারের অধ্যায়

হাদীস নং: ৬৫৬৫
আন্তর্জাতিক নং: ২৬৭৭-১
- যিকর, দুআ, তাওবা ও ইসতিগফারের অধ্যায়
২. আল্লাহর নামসমুহ ও তার সংরক্ষণকারীর ফযীলত
৬৫৬৫। আমর নাকিদ, যুহাইর ইবনে হারব ও ইবনে আবু উমর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলার নিরানব্বইটি নাম আছে। যে ব্যক্তি তার হিফাযত করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহ তাআলা বেজোড়। তিনি বেজোড় পছন্দ করেন।

ইবনে আবু উমর (রাহঃ) এর বর্ণনায় مَنْ حَفِظَهَا (হিফাযত করে) এর স্থলে مَنْ أَحْصَاهَا (যে সংরক্ষণ করে) উল্লেখ আছে।
كتاب الذكر والدعاء والتوبة والاستغفار
باب فِي أَسْمَاءِ اللَّهِ تَعَالَى وَفَضْلِ مَنْ أَحْصَاهَا
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنْ سُفْيَانَ، - وَاللَّفْظُ لِعَمْرٍو - حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لِلَّهِ تِسْعَةٌ وَتِسْعُونَ اسْمًا مَنْ حَفِظَهَا دَخَلَ الْجَنَّةَ وَإِنَّ اللَّهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ " . وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي عُمَرَ " مَنْ أَحْصَاهَا " .

হাদীসের ব্যাখ্যা:

বুখারী ও মুসলিম শরীফের রিওয়ায়াতে এতটুকুই আছে, এর কোন বিস্তারিত বিবরণ বা সুনির্দিষ্ট বয়ান নেই। তিরমিযী প্রমুখের কোন কোন রিওয়ায়াতে বিশদভাবে নিরান্নব্বইটি নামের উল্লেখ আছে। হাদীসের ভাষ্যকার ও উলামাগণ এ ব্যাপারে প্রায় সর্ববাদী সম্মত মত পোষণ করেন যে, আল্লাহ তা'আলার পূত নামসমূহ এ নিরান্নব্বই সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নেই। আর এগুলো তাঁর নামসমূহের পূর্ণাঙ্গ ফিরিস্তিও নয়। কেননা, খোঁজাখুঁজি ঘাটাঘাটি করলে এর চাইতে অনেক বেশি নামের সন্ধান পাওয়া যায়। এজন্যে হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত এ হাদীসের ব্যাপারে বলা হয়েছে যে, এর অর্থ ও মর্ম কেবল এতটুকুই যে, যে ব্যক্তি আল্লাহ তা'আলার নিরানব্বই নাম কণ্ঠস্থ করবে এবং এগুলো খেয়াল রাখবে, সে জান্নাতে যাবে। অর্থাৎ কেবল নিরানব্বই নাম ধারণ করে রাখতে পারলেই সে এ সুসংবাদের যোগ্যপাত্র বলে বিবেচিত হবে।

হাদীসে পাকে مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ এর ব্যাখ্যা উলামা ও ভাষ্যকারগণ বিভিন্নরূপ বক্তব্য লিখেছেন।

একটি অর্থ এর এভাবে বর্ণনা করা হয়েছে যে, যে বান্দা আল্লাহর এ নামগুলোর মর্ম জেনে এবং তাঁর মা'রিফত হাসিল করে আল্লাহ তা'আলার এ গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করলো, সে জান্নাতে প্রবেশ করবে।

দ্বিতীয় অর্থ হচ্ছে, যে বান্দা এ পবিত্র নামগুলোর দাবি অনুযায়ী আমল করবে, সে জান্নাতে যাবে।

তৃতীয় একটি অর্থ বলা হয়ে থাকে এই যে, যে ব্যক্তি নিরান্নব্বই নামে আল্লাহকে স্মরণ করবে এবং এগুলোর সাহায্যে তাঁকে ডাকবে ও তাঁর কাছে দু'আ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।
ইমাম বুখারী (র) مَنْ أَحْصَاهَا এর ব্যাখ্যা مَنْ حَفِظَهَا (যে তা কণ্ঠস্থ করলো) করেছেন। বরং এই হাদীসের কোন কোন রিওয়ায়াতে مَنْ أَحْصَاهَا -এর স্থলে مَنْ حفظها -ই বর্ণিত হয়েছে। এ জন্যে এ ব্যাখ্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঐ একই কারণে এ অধম তর্জমাকালে এ অর্থ করেছে। এ হিসাবে হাদীসের অর্থ দাঁড়ায় এই যে, যে বান্দা বিশ্বাস ও ভক্তি সহকারে আল্লাহ তা'আলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাঁর নিরানব্বইটি পবিত্র নাম মুখস্থ করবে সে জান্নাতে যাবে। আল্লাহই সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)