আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫১১
অধ্যায়ঃ নামাজ
পিঁয়াজ অথবা রসুন অথবা গো রসুন অথবা মূলা ইত্যাদি দুর্গন্ধযুক্ত বস্তু খেয়ে মসজিদে আসার প্রতি ভীতি প্রদর্শন
৫১১. হযরত আবূ সা'লাবা (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা) এর সংগে খায়বর যুদ্ধে অংশগ্রহণ করেন। মুসলমানগণ এ যুদ্ধে পিঁয়াজ-রসুন ইত্যাদির বাগান (ক্ষেত) লাভ করেন এবং তারা ক্ষুধার্ত অবস্থায় তা খান। এরপর লোকেরা মসজিদে যখন সালাত আদায়ের জন্য আসে, তখন মসজিদের মধ্যে পিঁয়াজ ও রসুনের গন্ধ পাওয়া যায়। তখন নবী বললেন: এ দুর্গন্ধময় সবজি যে খাবে, সে যেন আমাদের নিকটেও না আসে। এরপর তিনি দীর্ঘ হাদীস বর্ণনা করেন।
(ইমাম তাবারানী হাসান সনদে এ হাদীসখানা বর্ণনা করেছেন। হযরত আবু সা'ঈদ খুদরী (রা) থেকেও এই হাদীসখানা অনুরূপ মুসলিমে স্থান পেয়েছে। তবে তাতে পিঁয়াজ-এর উল্লেখ নেই।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من إتْيَان الْمَسْجِد لمن أكل بصلا أَو ثوما أَو كراثا أَو فجلا وَنَحْو ذَلِك مِمَّا لَهُ رَائِحَة كريهة
511 - وَعَن أبي ثَعْلَبَة رَضِي الله عَنهُ أَنه غزا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خَيْبَر فوجدوا فِي جنانها بصلا وثوما فَأَكَلُوا مِنْهُ وهم جِيَاع فَلَمَّا رَاح النَّاس إِلَى الْمَسْجِد إِذا ريح الْمَسْجِد بصل وثوم فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من أكل من هَذِه الشَّجَرَة الخبيثة فَلَا يقربنا
فَذكر الحَدِيث بِطُولِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَهُوَ فِي مُسلم من حَدِيث أبي سعيد الْخُدْرِيّ بِنَحْوِهِ لَيْسَ فِيهِ ذكر البصل

হাদীসের ব্যাখ্যা:

মসজিদকে সব ধরনের দুর্গন্ধ থেকে মুক্ত রাখা মসজিদের ধর্মীয় গুরুত্ব ও আল্লাহ্ তা'আলার সাথে এর সম্পর্কের অনিবার্য দাবি। বলাবাহুল্য, পিয়াজ-রসূনে রয়েছে এক ধরনের দুর্গন্ধ। কোন কোন এলাকায় উৎপাদিত পিয়াজ রসূনের দুর্গন্ধ অত্যন্ত উৎকট। রাসূলুল্লাহ ﷺ এর যামানায় লোকেরা কাঁচা পিয়াজ-রসুন খেত। এজন্যই তিনি এ মর্মে নির্দেশ দিয়েছেন যে, কেউ যেন তা খেয়ে মসজিদে না আসে। তিনি এর কারণ বর্ণনা করে বলেন': যে বস্তু সুস্থ স্বাভাবিক মানুষকে কষ্ট দেয় তা আল্লাহর ফিরিশতাদেরও কষ্ট দেয়। ফিরিশতারা অধিক হারে মসজিদে আনাগোনা করে থাকেন। বিশেষ করে সালাত আদায়ের সময় মানুষের সাথে তাদের এক বিরাট জামা'আত শরীক হয়। কাজেই এহেন সম্মানিত অতিথিদের যাতে দুর্গন্ধ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা একান্ত জরুরী।

অপর এক হাদীসে রাসূলুল্লাহ ﷺ পিয়াজ-রসুন সম্পর্কে বলেছেন: এ দু'টি বস্তু খেয়ে যেন কেউ আমাদের মসজিদের কাছেও না আসে। এই হাদীসে আরও বর্ণিত হয়েছে যে, "কারো যদি এগুলো বস্তু খেতেই হয়, তবে যেন পাক করে খায় যাতে দুর্গন্ধ দূর হয়ে যায়"।১

এ সব হাদীসে যদিও পিয়াজ-রসুনের কথা স্পষ্টভাবে উল্লিখিত হয়েছে তবুও সুস্থ মানুষকে কষ্টদায়ক সর্ববিধ দুর্গন্ধযুক্ত বস্তুর ক্ষেত্রে এ নির্দেশ কার্যকর হবে।

১. টিকা: এ রিওয়ায়াতটি মু'আবিয়া ইবনে কুররা (রা) সূত্রে ইমাম আবু দাউদ (র) বর্ণনা করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান