আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৮১
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা তাকাছুর পাঠে উৎসাহ দান
২২৮১. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার আয়াত তিলাওয়াত করতে পারবে না? সাহাবীগণ বললেন, এটা কে পারবে? তিনি বললেন, তোমাদের কেউ কি সূরা তাকাসুর তিলাওয়াত করতে পারবে না।
(হাদীসটি হাকিম উকবা ইবন মুহাম্মদ... নাফি'... হযরত ইবন উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন। এ সনদের সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য, তবে উকবাকে আমি চিনি না।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة أَلْهَاكُم التكاثر
2281- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يَسْتَطِيع أحدكُم أَن يقْرَأ ألف آيَة كل يَوْم قَالُوا وَمن يَسْتَطِيع ذَلِك قَالَ أما يَسْتَطِيع أحدكُم أَن يقْرَأ أَلْهَاكُم التكاثر

رَوَاهُ الْحَاكِم عَن عقبَة بن مُحَمَّد عَن نَافِع عَن ابْن عمر وَرِجَال إِسْنَاده ثِقَات إِلَّا أَن عقبَة لَا أعرفهُ

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদের এমন কিছু ছোট ছোট সূরা রয়েছে যে, এগুলো নিজ বিষয়বস্তু ও মর্মবাণীর দিক দিয়ে শত শত অথবা হাজার হাজার আয়াতের সমান। সূরা তাকাছুরও এ ধরনের একটি সূরা। এতে দুনিয়া-পূজা ও আখেরাত বিস্মৃতির উপর জোর আঘাত হানা হয়েছে এবং আখেরাতের হিসাব-নিকাশ ও জাহান্নামের আযাবের আলোচনা এভাবে করা হয়েছে যে, যদি অন্তর একেবারে মরে না গিয়ে থাকে, তাহলে এতে চিন্তা ও সচেতনতা সৃষ্টি হওয়া অনিবার্য। এই হাদীসে রাসূলুল্লাহ ﷺ সম্ভবত এ দৃষ্টিকোণ থেকেই এটা পাঠ করাকে হাজার আয়াত পাঠ করার সমান বলেছেন। কোন কোন হাদীসে অন্যান্য যেসব ছোট ছোট সূরাকে 'কুরআনের অর্ধেক' অথবা 'কুরআনের এক তৃতীয়াংশ' অথবা 'কুরআনের এক চতুর্থাংশ' বলা হয়েছে, সেগুলোর ব্যাপারেও এমনটিই বুঝে নেওয়া চাই। আর এটাও সম্ভব যে, এগুলোর তেলাওয়াতের সওয়াবও এ হিসাবেই বেশী দেওয়া হবে। কেননা, আল্লাহর ভাণ্ডার আমাদের ধারণা ও কল্পনার চেয়ে অনেক অনেক বড়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৮১ | মুসলিম বাংলা