আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৪৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
খাদ্য মজুতদারীর ব্যাপারে সাবধান বাণী
২৭৪৭. হযরত উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বিক্রির জন্য পণ্য বহন করে নিয়ে আসে, সে লাভবান ও রিযকপ্রাপ্ত হবে, আর যে গুদামজাত করে রাখে, সে অভিশপ্ত।
(হাদীসটি ইবন মাজাহ এবং হাকিম উভয়ে আলী ইবন সালিম ইবন সাওবান সূত্রে আলী ইবন ইয়াযীদ ইবন জুদ'আন থেকে বর্ণনা করেছেন। বুখারী বলেনঃ আযদী আলী ইবন সালিমের এ হাদীসটির সমর্থন করেন না। হাফিয যাকীউদ্দীন বলেনঃ আলী ইবন সালিমের এ হাদীসটির ছাড়া অন্য কোন হাদীস আমার জানা নেই। আসলে তিনি অজ্ঞাত রাবীদের অন্তর্ভুক্ত।)
كتاب البيوع
التَّرْهِيب من الاحتكار
2747- وَعَن عمر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الجالب مَرْزُوق والمحتكر مَلْعُون

رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم كِلَاهُمَا عَن عَليّ بن سَالم بن ثَوْبَان عَن عَليّ بن يزِيد بن جدعَان وَقَالَ البُخَارِيّ والأزدي لَا يُتَابع عَليّ بن سَالم على حَدِيثه هَذَا
قَالَ الْحَافِظ زكي الدّين لَا أعلم لعَلي بن سَالم غير هَذَا الحَدِيث وَهُوَ فِي عداد المجهولين وَالله أعلم

হাদীসের ব্যাখ্যা:

যে ভাবে আমাদের যুগে অনেক ব্যবসায়ী খাদ্যশস্য ইত্যাদি প্রায়োজনীয় দ্রব্যাদি মওজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, ফলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও দুষ্প্রাপ্যতা বেড়ে চলে যা সাধারণ ভোক্তাদের ওপর বোঝা হয়ে দাঁড়ায় ও তাদের জন্য জীবন যাপন কঠিন হয়ে পড়ে, অনুরূপ ভাবে রাসুলুল্লাহ ﷺ-এর যুগেও কতক ব্যবসায়ী এরূপ করত (সম্ভবত এতে কোন দোষ মনে করত না) কিন্তু রাসূলুল্লাহ ﷺ এটা কঠোরভাবে নিষেধ করেছেন। আরবী ভাষায় এটাকে احتکار বলে।

রাসুলুল্লাহ ﷺ-এর শিক্ষা ও তার নিয়ে আসা শরীয়তের ঝোঁক প্রবণতা হচ্ছে এই যে, সামাজিক রীতি-নীতি এরূপ হবে, যাতে জনসাধারণ বিশেষ করে দরিদ্র অর্থাৎ স্বল্প আয়ের লোকজনের জীবন যাপন করা কষ্টকর না হয়। ব্যবসায়ী মহল ও ধনিক শ্রেণীর বেশি লাভ ও আপন মাল বৃদ্ধির পরিবর্তে জনসাধারণের সুবিধা দৃষ্টিতে রাখবে। এই মহৎ লক্ষ্যে অল্প লাভে সন্তুষ্ট থেকে আল্লাহর সন্তুষ্টি ও রহমত ও আখিরাতের প্রতিদান গ্রহণ করবে। যদি ঈমানের সৌভাগ্য লাভ হয় তবে নিঃসন্দেহে এ ব্যবসা খুবই লাভজনক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান