আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৫৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৫৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী করী (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দীক ও শহীদগণের সাথে থাকবে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান পর্যায়ের হাদীস।
ইবন মাজাহ এ হাদীসটি ইবন উমর সূত্রে নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2755- عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ التَّاجِر الصدوق الْأمين مَعَ النَّبِيين وَالصديقين وَالشُّهَدَاء

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
وَرَوَاهُ ابْن مَاجَه عَن ابْن عمر وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم التَّاجِر الْأمين الصدوق الْمُسلم مَعَ الشُّهَدَاء يَوْم الْقِيَامَة

হাদীসের ব্যাখ্যা:

কিয়ামতের দিন আম্বিয়া (আ), আল্লাহর রাস্তায় প্রাণদানকারী শহীদগণ এবং আল্লাহর দীনকে সত্য হিসেবে কবুলকারী সিদ্দীকগণ (যাঁরা সত্যকে নিজেদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন) বুলন্দ মাকামে অবস্থান করবেন। তাঁদের শান-শওকত এবং সম্মান সকলের দৃষ্টি আকর্ষণ করবে। তাঁরা আল্লাহর বিশেষ বান্দা হিসেবে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করবেন। কারণ তাঁরা দুনিয়ার যিন্দেগীতে আল্লাহর দীনকে কায়েম করার জন্য কঠিন কুরবানী দিয়েছেন। যারা কিয়ামতের দিন তাঁদের সান্নিধ্য ও সাহচর্য লাভ করার অনুমতি পাবেন, তাঁরা সৌভাগ্যবান বিবেচিত হবেন। যে সব ব্যবসায়ী আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস করেন, হালাল-হারাম মেনে চলেন, ইসলামের অবশ্য পালনীয় যিম্মাদারী পালন করেন এবং ব্যবসা-বাণিজ্যে সততা ও আমানতদারীর পরিচয় দেন, বাণিজ্যিক লেনদেনে ধোঁকা ও প্রবঞ্চণার আশ্রয় গ্রহণ না করেন, সে সব ব্যবসায়ী আম্বিয়া, শুহাদা এবং সিদ্দিকীনের দলভুক্ত হবেন। ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই। আল্লাহর নৈকট্য লাভের জন্য গোসা-নশীন, খানকাহ-নশীন বা লোকালয় ত্যাগ করে পাহাড়-পর্বতে চলে যাওয়ার কোন প্রয়োজন নেই। বাণিজ্যিক কেন্দ্রে বসে ন্যায়, ইনসাফ ও সততার সাথে ব্যবসা-বাণিজ্য করেও আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ব্যবসা-বাণিজ্যে প্রচুর প্রলোভন রয়েছে। তাই যে লোভ-লালসা দমন করে ন্যায়ানুগ বাণিজ্যিক লেনদেন করে, আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান