আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১১৩
অধ্যায়ঃ শিষ্টাচার
সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১১৩. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা দয়াময় আল্লাহর ইবাদত করবে, সালামের ব্যাপক প্রসার ঘটাবে, অভূক্তদের আহার করাবে, আর তাহলেই তোমরা জান্নাতে প্রবেশ করবে।
(তিরমিযী বর্ণিত। তাঁর মতে হাদীসটি সহীহ্ সনদে এবং ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে নিজ শব্দে বর্ণিত আছে। [হাফিয মুনযিরী (র) বলেন: এ বিষয়ের হাদীস 'অভুক্তদের আহার করানো এবং অপরাপর অনুচ্ছেদে' পেছনে অতিবাহিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4113- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اعبدوا الرَّحْمَن وأفشوا السَّلَام وأطعموا الطَّعَام تدْخلُوا الْجنان

رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ
قَالَ الْحَافِظ وَتقدم غير مَا حَدِيث من هَذَا النَّوْع فِي إطْعَام الطَّعَام وَغَيره

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) তিনটি বিষয়ের দিকনির্দেশনা দিয়েছেন এবং এগুলোর উপর আমলকারীদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। (১) দয়াময় আল্লাহর ইবাদত, (অর্থাৎ, বান্দার উপর আল্লাহর যে বিশেষ হক ও অধিকার রয়েছে এবং যা প্রকৃতপক্ষে মানবসৃষ্টির উদ্দেশ্য যে, তাঁর এবং কেবল তাঁরই ইবাদত করা হবে- এ হুকুমটি যেন পালন করা হয়।) (২) খাবার খাওয়ানো, অর্থাৎ, আল্লাহর অভাবী ও মিসকীন বান্দাদেরকে সদাকা ও দান হিসাবে এবং বন্ধু-বান্ধব ও আল্লাহর নেক বান্দাদেরকে আন্তরিকতা ও ভালোবাসার নিদর্শন স্বরূপ হাদিয়া হিসাবে খাবার খাওয়াবে- (যা অন্তরের বন্ধন ও পারস্পরিক ভালোবাসার উত্তম মাধ্যম এবং কৃপণতার মত ধ্বংসকর ব্যাধির চিকিৎসাও বটে।) (৩) السَّلَامُ عَلَيْكُمْ ও وعَيْكُمُ السَّلام যা ইসলামের বিশেষ প্রতীক এবং আল্লাহ তা'আলার শিখানো দু‘আবাক্য, এটার যেন ব্যাপক প্রচলন দেওয়া হয়। এর এমন প্রসার ঘটানো চাই যে, ইসলামী দুনিয়ার পরিবেশ যেন এর সুর লহরীতে সজীব থাকে। এ তিনটি নেক কাজের উপর রাসূলুল্লাহ (ﷺ) সুসংবাদ শুনিয়েছেন যে تدخلوا الجنة بسلام তোমরা পূর্ণ নিরাপত্তা ও শান্তির সাথে জান্নাতে পৌঁছে যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান