আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫০০
অধ্যায়ঃ শিষ্টাচার
কথায় ও কাজে দ্বিমুখীপনার প্রতি ভীতি প্রদর্শন
৪৫০০. হযরত আম্মার ইবন ইয়াসার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী হলে, কিয়ামতের দিন তার আগুনের দু'টি চেহারা হবে।
(আবূ দাউদ ও ইব্‌ন হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
ترهيب ذِي الْوَجْهَيْنِ وَذي اللسانين
4500- وَعَن عمار بن يَاسر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كَانَ لَهُ وَجْهَان فِي الدُّنْيَا كَانَ لَهُ يَوْم الْقِيَامَة لسانان من نَار

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه

হাদীসের ব্যাখ্যা:

সৎকর্ম এবং উত্তম চরিত্রসমূহ— যেগুলোর উপর ভিত্তি করে আখেরাতে সওয়াবের প্রতিশ্রুতি রয়েছে, এগুলোর বিভিন্ন প্রকার আছে এবং সেগুলোর স্তরও ভিন্ন ভিন্ন। অনুরূপভাবে মন্দকর্ম এবং মন্দ চরিত্রসমূহ— যেগুলোর উপর ভিত্তি করে আখেরাতের শাস্তির হুমকি দেওয়া হয়েছে, সেগুলোরও বিভিন্ন প্রকার আছে এবং স্তর তারতম্যও আছে। আল্লাহ তা'আলা তাঁর অপার জ্ঞান ও প্রজ্ঞার দ্বারা প্রত্যেক ভাল ও মন্দের পুরস্কার ও শাস্তি সেই কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণ করেছেন। তাই দ্বিমুখীপনা (যা এক ধরনের মুনাফেকী) এর শাস্তি এই নির্ধারণ করা হয়েছে যে, এ চরিত্রের মানুষের মুখে আগুনের দু'টি জিহ্বা থাকবে। বাস্তবেই বিভিন্ন জানোয়ারের মধ্য হতে শুধু সাপেরই কিছু কিছু প্রকারের দু'টি জিহ্বা থাকে।

এখানে এ কথাটি আমাদের সবার জন্য ভাবনার বিষয় যে, কোন কোন মন্দ কর্ম ও মন্দ স্বভাব বাস্তবে খুবই ভয়াবহ এবং আল্লাহ তা'আলার কাছে অত্যন্ত মারাত্মক। কিন্তু আমরা এগুলোকে সাধারণ ব্যাপার মনে করি এবং এগুলো থেকে আত্মরক্ষার জন্য যতটুকু যত্নবান হওয়া উচিত, আমরা ততটুকু যত্নবান হই না। এ ধরনের মন্দ বিষয়সমূহ সম্পর্কেই কুরআন মজীদে বলা হয়েছে: তোমরা এটাকে সাধারণ ব্যাপার এবং হাল্কা বিষয় মনে কর, অথচ আল্লাহর নিকট এটা খুবই গুরুতর ও মারাত্মক বিষয়। এ দ্বিমুখীপনাও এ পর্যায়ের। আমাদের মধ্যে অনেকেই এটাকে সাধারণ ব্যাপার মনে করে এবং এটা থেকে আত্মরক্ষার চিন্তা করে না। অথচ এ দু'টি হাদীস দ্বারা জানা গিয়েছে যে, এটা কত গুরুতর ও মারাত্মক গুনাহ এবং আখেরাতে এর জন্য কি কঠিন শাস্তি ভোগ করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৫০০ | মুসলিম বাংলা