আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৯২
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯২. হযরত আবু হুরায়রা (রা)-এর সূত্রে নবী করীম থেকে বর্ণিত। তিনি বলেনঃ ঈমানের স্বাদ আস্বাদন যাকে আনন্দ দেয়, তার উচিত মানুষকে ভালবাসা। সে মানুষকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই
ভালবাসবে।
(হাকিম হাদীসটি দুই সনদে বর্ণনা করেছেন এবং তন্মধ্যে একটিকে সহীহ সাব্যস্ত করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4592- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من سره أَن يجد حلاوة الْإِيمَان فليحب الْمَرْء لَا يُحِبهُ إِلَّا لله

رَوَاهُ الْحَاكِم من طَرِيقين وَصحح أَحدهمَا

হাদীসের ব্যাখ্যা:

ঈমানের স্বাদ ও মিষ্টতা দ্বারা বোঝানো উদ্দেশ্য ইবাদত-আনুগত্যে মজা পাওয়া, দীনের জন্য কষ্ট-ক্লেশ বরদাশত করতে প্রস্তুত থাকা এবং দুনিয়ার ধন-সম্পদের উপর দীনদারীকে প্রাধান্য দিতে পারা।

ঈমানের স্বাদ পাওয়ার জন্য অপরিহার্য গুণ
(কোনও ব্যক্তিকে কেবল আল্লাহ তা'আলার জন্যই ভালোবাসা)। যারা সত্যিকারের আল্লাহপ্রেমিক, তারা কাউকে ভালোবাসলে সে ভালোবাসা কেবল আল্লাহ তাআলার জন্যই হয়। বরং সে ভালোবাসা আল্লাহপ্রেমেরই ফলস্বরূপ। কেউ কাউকে সত্যিকারভাবে ভালোবাসলে সে তার সঙ্গে সম্পৃক্ত সবকিছুকেই ভালোবাসতে থাকে। বন্ধুর বন্ধুজনও বন্ধু হয়ে যায়। বাকিয়্যাহ ইবনুল ওয়ালীদ রহ. বলেন, কোনও মুমিন যখন অপর মুমিনকে ভালোবেসে ফেলে, তখন সে তার কুকুরটিকেও ভালোবাসে। আশেক-প্রেমিকদের দেখা যায় তারা তাদের প্রিয়জনের মহল্লা, ঘরবাড়ি ও প্রতিবেশীদেরও মহব্বতের দৃষ্টিতে দেখে। বনু আমিরের বিখ্যাত আশেক কায়স ওরফে মজনূর কবিতায় আছে

أمر على الديار ديار ليلى
أقبل ذا الجدار وذا الجدارا
وما حب الديار شغفن قلبي
ولكن حب من سكن الديارا

'আমি লায়লার বাসভূমির উপর দিয়ে যাই
আর এ দেওয়ালে ওই দেওয়ালে চুমু খাই।
ঘরবাড়ির প্রেম আমার হৃদয় কাড়েনি মোটে;
এ কেবল তারই প্রেম করত বসত যে জন তাতে।

আল্লাহপ্রেমও এ রকমই। অন্তরে যখন তা প্রবল হয়ে ওঠে, তখন তার আবেগ উচ্ছ্বাস সমগ্র মাখলূকের উপর ছাপিয়ে যায়। কেননা সমস্ত মাখলূক তাঁর কুদরতেরই প্রকাশ। সবকিছুতেই তাঁর ইলম ও হিকমতের ছাপ। আল্লাহপ্রেমিকের চোখে সে ছাপ ও প্রকাশই ধরা পড়ে। হৃদয়মন দিয়ে তাতে সে তার মাহবূবের স্পর্শ অনুভব করে। অমনি জাগে ইশক ও মহব্বতের কলরোল। হাদীছ দ্বারা জানা যায়, যখনই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনও নতুন ফল আনা হত, তিনি তা চোখেমুখে লাগাতেন আর বলতেন, আমার রব্বের কাছ থেকে এটি তাজা তাজা এসেছে। বৃষ্টি নামলেই তিনি কাপড় গুটিয়ে পবিত্র দেহে তা লাগাতেন। বলতেন, এ ফোঁটাগুলো সদ্য আমার রব্বের কাছ থেকে আসল। অর্থাৎ কোনও পাপী হাত এ পানি স্পর্শ করেনি। যে মাটিতে গায়রুল্লাহ'র পূজা করা হয়, তার ছোঁয়ায় এখনও এ পানি মলিন হয়নি। এসব ছিল তাঁর গভীর আল্লাহপ্রেমের প্রকাশ। এভাবেই আল্লাহপ্রেম যখন প্রবল হয়ে ওঠে, তখন মাহবুব ও মা'শূকের সঙ্গে যা-কিছুরই সম্পর্ক আছে, সে সবকিছুতেই ওই প্রেমের স্রোত ধাবিত হয়। এমনকি তা ধাবিত হয় অপ্রিয় ও কষ্টদায়ক বস্তুতেও। কিন্তু আল্লাহপ্রেমের উচ্ছ্বাসে তার কষ্ট ও অপ্রিয়তা ম্লান হয়ে যায়। এমনকি কখনও কখনও তা অনুভব পর্যন্ত করা যায় না।

মোটকথা প্রবল আল্লাহপ্রেমের ফলে আল্লাহপ্রেমিক আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত সবকিছুকেই ভালোবাসে। সে ভালোবাসে আল্লাহর ইবাদত-বন্দেগীকারীদের, আল্লাহর দীন প্রচারকদের, উলামা ও মাশায়েখদের। সে ভালোবাসে আল্লাহর পসন্দনীয় আমল আখলাক। সে ওই আমল-আখলাক আত্মস্থ করতে সচেষ্ট হয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারা জানা গেল, সুমিষ্ট ফল বা সুস্বাদু খাবারের মত ঈমানেরও স্বাদ ও মিষ্টতা আছে।

খ. সে-ই প্রকৃত মুমিন, যে কাউকে ভালোবাসলে আল্লাহরই জন্য ভালোবাসে এবং কাউকে ঘৃণা করলেও আল্লাহ তাআলার জন্যই ঘৃণা করে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান