আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৯৬
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৬. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বন্ধু-বান্ধবের মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে উত্তম, যে তার বন্ধুর কাছে উত্তম এবং প্রতিবেশীদের মধ্যে সে ব্যক্তিই আল্লাহর কাছে উত্তম, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং তাকে 'হাসান হাদীস' বলে আখ্যায়িত করেছেন। ইবন খুযায়মা ও ইবন হিব্বান (র) হাদীসটি তাঁদের 'সহীহ' গ্রন্থে উল্লেখ করেছেন। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন। এটা মুসলিমের শর্ত মুতাবিক তা সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4596- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
خير الْأَصْحَاب عِنْد الله خَيرهمْ لصَاحبه وَخير الْجِيرَان عِنْد الله خَيرهمْ لجاره

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم

হাদীসের ব্যাখ্যা:

الاصحاب শব্দটি صاحب (সঙ্গী) এর বহুবচন। দীন ও দুনিয়াবী কাজকর্ম এবং সফরকালে বা বাড়িতে থাকা অবস্থায় যাদের সাহচর্য অবলম্বন করা হয় বা যাদের সঙ্গে মেলামেশা করা হয় তাদের জন্য শব্দটি ব্যবহৃত হয়। সে হিসেবে সঙ্গী মর্যাদায়- উপরে, নিচে, সমকক্ষ সবরকমই হতে পারে। এমনিভাবে বয়সেও বড়, ছোট বা সমান হতে পারে। তা যাই হোক না কেন, সঙ্গী হিসেবে আল্লাহ তাআলার কাছে মর্যাদা ও ছাওয়াবের দিক থেকে উৎকৃষ্ট সেই ব্যক্তি, যার দ্বারা অন্য সঙ্গীগণ বেশি উপকার লাভ করে থাকে।

একই কথা প্রতিবেশীদের জন্যও প্রযোজ্য। যে প্রতিবেশী দ্বারা অন্য প্রতিবেশীরা বেশি উপকৃত হয়, আল্লাহ তাআলার কাছে প্রতিবেশী হিসেবে তার মর্যাদা ও ছাওয়াবই অন্যদের তুলনায় বেশি।

এর দ্বারা বোঝা যায় সঙ্গী ও প্রতিবেশী হিসেবে সেই ব্যক্তি তুলনামূলক মন্দ হবে, যার দ্বারা অন্য সঙ্গী ও অন্য প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়। যার দ্বারা যতবেশি ক্ষতিগ্রস্ত হবে সে ততই মন্দ সঙ্গী ও মন্দ প্রতিবেশী বলে গণ্য হবে।

এর দ্বারা আরও বোঝা যায় প্রত্যেক ব্যক্তির জন্য এই ভালো ও মন্দ হওয়াটা আপেক্ষিক। অর্থাৎ এক ব্যক্তি প্রতিবেশী হিসেবে উত্তম হলেও অন্যদের তুলনায় অন্য হিসেবে মন্দও হতে পারে। এমনিভাবে এমনও হতে পারে যে, এক ব্যক্তি প্রতিবেশী হিসেবে ভালো নয়, কিন্তু তার মধ্যে অন্য অনেক গুণ আছে এবং সেসব গুণ বিবেচনায় সে অন্যদের তুলনায় উত্তম। সুতরাং কোনও এক দিক বিবেচনায় উত্তম হয়েই সন্তুষ্ট থাকা উচিত নয়; বরং প্রত্যেকের কর্তব্য নিজ শক্তি-সামর্থ্য অনুযায়ী সম্ভাব্য সকল বিবেচনায় উচ্চস্তরে পৌঁছার চেষ্টা করা।

বস্তুত ভালো প্রতিবেশী পাওয়াটাও মানুষের পক্ষে অনেক বড় সৌভাগ্য। এক হাদীছেও এটিকে সৌভাগ্য বলা হয়েছে। ইরশাদ হয়েছে-

إِنَّ مِنْ سَعَادَةِ الْمُسْلِم الْمَسْكَنَ الْوَاسِعَ ، وَالْجَارَ الصَّالِحَ، وَالْمَرْكَبَ الْهَنِي

‘প্রশস্ত বাসস্থান, উত্তম প্রতিবেশী ও স্বাচ্ছন্দ্যপূর্ণ বাহন দুনিয়ায় মুসলিম ব্যক্তির সৌভাগ্য বটে। ৪৮

আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিবেশী হওয়ার তাওফীক দান করুন।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারা শিক্ষা পাওয়া যায় যে, সেবাদানেই শ্রেষ্ঠত্ব নিহিত, সেবাগ্রহণে নয়।

খ. এ হাদীছ আমাদেরকে সঙ্গী-সাথী ও প্রতিবেশীদের বেশি বেশি সেবা করার উৎসাহ যোগায় ।

৪৮. বুখারী, আল আদাবুল মুফরাদ, হাদীছ নং ১১৬; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ৯১১১; আল খারাইতী, মাকারিমুল আখলাক, হাদীছ নং ২৫১
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান