আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮৩৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৩৬. রাফি' ইবন খাদীজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আল্লাহ্ তা'আলা কোন বান্দাকে ভালবাসেন, তখন তাকে দুনিয়া থেকে এভাবে দূরে সরিয়ে রাখেন। যেমন তোমাদের মধ্য থেকে কেউ তার রোগাগ্রস্ত ব্যক্তিকে পানি থেকে দূরে সরিয়ে রাখে।
(তাবারানী (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি উল্লেখ করেছেন। হাকিম হাদীসটি আবু কাতাদাহর সূত্রে ভিন্ন ভাষায় বর্ণনা করেছেন। হাকিম (র) বলেনঃ এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4836- وَعَن رَافع بن خديج رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا أحب الله عز وَجل عبدا حماه الدُّنْيَا كَمَا يظل أحدكُم يحمي سقيمه المَاء

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم بِلَفْظِهِ من حَدِيث أبي قَتَادَة وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়ার ভোগ-বিলাসের স্পৃহা এমন এক রোগের সমতুল্য যা মানুষের অন্তরের সুকুমার বৃত্তিসমূহকে নষ্ট করে দেয়। দুনিয়া উপভোগ করার রোগ যার রয়েছে, সে কখনো জ্ঞান-বিজ্ঞানের কঠিন সাধনায় নিজেকে নিযুক্ত করতে পারে না বা দীনের কঠিন পথ অতিক্রম করার সাহস সে করতে পারে না। দুনিয়া-পরস্ত ব্যক্তি দুনিয়ার অপরাপর মঙ্গল থেকে বঞ্চিত থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামীন যাকে তাঁর নিয়ামত ও বরকত দান করতে চান, তাকে তিনি দুনিয়ার ভোগ-বিলাসের স্পৃহা থেকে রক্ষা করেন, যাতে সে উত্তম মন-মানসিকতা নিয়ে সুন্দর ও কল্যাণের সেবা করতে পারে।

উপায়-উপকরণ এবং ধন-দৌলতের প্রাচুর্য ও অপ্রতুলতাকে মানুষ সৌভাগ্য ও দুর্ভাগ্য মনে করে থাকে। ধন-দৌলত আল্লাহর অন্যতম নিয়ামত হলেও তার বণ্টন সর্বদা সৌভাগ্য বা দুর্ভাগ্যের ভিত্তিতে করা হয় না। ধন-দৌলত কোন কোন ক্ষেত্রে পরীক্ষার বিষয়বস্তু হয়ে থাকে এবং ধন-দৌলতের অপ্রতুলতা কল্যাণকর বিবেচিত হয়। তাই সর্বদা প্রার্থনা করা দরকার যাতে ধন-দৌলত আমাদের জন্য ফিতনার কারণ না হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান