আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮৮৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৮৮. হযরত আবদুল্লাহ ইবন জা'ফর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা এরূপ ব্যক্তিকে দেখ, যে দুনিয়ার প্রতি অনাসক্তি প্রদর্শন করে, তখন তোমরা তার সংশ্রবে যাবে। কেননা, সে তোমাকে প্রজ্ঞার পথ দেখাবে।
(আবু ইয়া‘লা বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4888 - وَرُوِيَ عَن عبد الله بن جَعْفَر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا رَأَيْتُمْ من يزهد فِي الدُّنْيَا فادنوا مِنْهُ فَإِنَّهُ يلقى الْحِكْمَة

رَوَاهُ أَبُو يعلى

হাদীসের ব্যাখ্যা:

হিকমত দান করার অর্থ হলো, আল্লাহ তা'আলা প্রদত্ত সঠিক জ্ঞান হিকমত লাভকারী ব্যক্তি প্রতিটি কাজ সঠিক মূল্যায়নের জ্ঞান লাভ করেন। তিনি সব সময় সঠিক ও কল্যাণকর কথা বলেন। হিকমত এমন এক বস্তু যার তুলনা দুনিয়ার অন্য কোন জিনিসের সাথে করা যায় না। হিকমত এমন এক প্রাচুর্যের নাম যার সমকক্ষ দুনিয়ার অন্য কোন প্রাচুর্য নেই। অন্তরে হিকমত দান সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন:
وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا
-"যাকে হিকমত বা জ্ঞান দান করা হয়েছে, তাকে অনেক মঙ্গল দান করা হয়েছে।"

আল্লাহ যাকে হিকমত দিয়েছেন তিনি কখনো লোকসানের সম্মুখীন হবেন না। তার ছোট বড় প্রত্যেক কাজে হিকমত প্রতিফলিত হবে। তিনি অবিবেচক ও অদূরদর্শীর ন্যায় কোন কাজ করবেন না। কাকে আল্লাহ হিকমত দান করেন তার পরিচয় হাদীসে দেয়া হয়েছে। যিনি যাহিদ এবং স্বল্পভাষী, তিনিই হিকমতের অধিকারী। যাহিদ ব্যক্তি আখিরাতের মহব্বতে দুনিয়ার আরাম-আয়েশ ত্যাগকারী।

তাই আল্লাহ তাকে মহব্বত করেন। আল্লাহ তাঁর মাহবুবকে দুনিয়া ও আখিরাতে তামাম অমঙ্গল থেকে রক্ষা করেন। আল্লাহ বলেন:
اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ
"আল্লাহ মু'মিনদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান।"

পবিত্র কুরআনে অন্যত্র বলা হয়েছেঃ
نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ
-"আমরা দুনিয়া ও আখিরাতে তোমাদের বন্ধু।"

হিকমতের অধিকারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন বা তাদের সান্নিধ্য লাভের অর্থ হল তাদের নিকট থেকে উপদেশ গ্রহণ করা এবং তারা যেভাবে যিন্দেগী যাপন করেন সেভাবে যিন্দেগী যাপন করা এবং তারা যেভাবে কামিয়াবী হাসিল করেছেন, সেভাবে কামিয়াবী হাসিল করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান