আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০৮০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮০. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি দশ জন লোকের একটি দলের একজন সদস্য হিসাবে নবী (ﷺ)-এর কাছে গেলাম। তখন একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী! মানুষের মধ্যে সর্বাধিক বুদ্ধিমান ও সর্বাধিক বিচক্ষণ ব্যক্তি কে? তিনি বললেন, তাদের মধ্যে যে ব্যক্তি মৃত্যুকে অধিক স্মরণ করে এবং যে ব্যক্তি মৃত্যুর জন্য সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করে, তারাই হচ্ছে অধিক বুদ্ধিমান। তারা দুনিয়ার সম্মান ও পরকালের মর্যাদা লাভ করেছে।
(ইবন আবিদ-দুনিয়া 'কিতাবুল মাওত'-এ এবং তবারানী 'আস-সাগীর' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহও উৎকৃষ্ট সনদে সংক্ষিপ্তাকারে হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী 'কিতাবুয-যুহদ'-এ ও হাদীসটি উল্লেখ করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়েতের পাঠ এরূপঃ "এক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল সর্বোত্তম মু'মিন কে? তিনি বললেন, তাদের মধ্যে যে সবচেয়ে চরিত্রবান। লোকটি জিজ্ঞেস করল, সর্বাধিক বুদ্ধিমান মু'মিন কে? তিনি বললেন, তাদের মধ্যে যে ব্যক্তি মৃত্যুর কথা সর্বাধিক স্মরণ করে এবং যে ব্যক্তি পরকালের জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করে, তারাই হচ্ছে সর্বাধিক বুদ্ধিমান লোক।"
রুযায়ন (র) তাঁর গ্রন্থে হাদীসটি বায়হাকী বর্ণিত রিওয়ায়েতের ভাষায় আনাস (রা)-এর সূত্রে বর্ণনা করেছেন। তবে আমি তা'দেখিনি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5080- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَاشر عشرَة فَقَامَ رجل من الْأَنْصَار فَقَالَ يَا نَبِي الله من أَكيس النَّاس وأحزم النَّاس قَالَ أَكْثَرهم ذكرا للْمَوْت وَأَكْثَرهم اسْتِعْدَادًا للْمَوْت أُولَئِكَ الأكياس ذَهَبُوا بشرف الدُّنْيَا وكرامة الْآخِرَة

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الْمَوْت وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن مَاجَه مُخْتَصرا بِإِسْنَاد جيد وَالْبَيْهَقِيّ فِي الزّهْد وَلَفظه أَن رجلا قَالَ للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَي الْمُؤمنِينَ أفضل قَالَ أحْسنهم خلقا
قَالَ فَأَي الْمُؤمنِينَ أَكيس قَالَ أَكْثَرهم للْمَوْت ذكرا وَأَحْسَنهمْ لما بعده اسْتِعْدَادًا أُولَئِكَ الأكياس
وَذكره رزين فِي كِتَابه بِلَفْظ الْبَيْهَقِيّ من حَدِيث أنس وَلم أره

হাদীসের ব্যাখ্যা:

বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি নিজের পারিপার্শ্বিক অবস্থা ও ভবিষ্যত সম্পর্কে কখনো উদাসীন থাকতে পারে না। নির্বোধ ও অবিবেচক ব্যক্তি ভবিষ্যতের জন্য কখনো চিন্তা করে না; শুধুমাত্র বর্তমানের সুযোগ-সুবিধার অনুসন্ধানে নিজেকে মশগুল রাখে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। মৃত্যু আমাদের দুনিয়ার যিন্দেগী শেষ করে দেয়। মৃত্যুর দরজা দিয়ে আমরা আখিরাতের স্থায়ী যিন্দেগীতে পদার্পণ করি। মৃত্যু আমাদেরকে একথা স্মরণ করিয়ে দেয় যে, দুনিয়ার যিন্দেগীর যাবতীয় চাকচিক্য ও প্রলোভন আমাদেরকে কখনো বেঁধে রাখতে পারবে না। আখিরাতের পথে আমাদের যাত্রা অবশ্যই করতে হবে। আর যাত্রা যখন করতে হবে, তখন দীর্ঘ সফরের প্রস্তুতি। পাথেয় আমাদের সংগ্রহ করা উচিত। নবী করীম ﷺ এদিকের প্রতিই ইঙ্গিত করেছেন এবং এ ধরনের পাথেয় সংগ্রহকারীকে বিচক্ষণ ও বুদ্ধিমান আখ্যায়িত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান