আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১৪৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৪৮. বায়হাকীর অপর এক রিওয়ায়েতে আছে, তিনি (আব্বাস ইবন আব্দুল মুত্তালিব) বলেন, আমরা একটি বৃক্ষের নিচে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। হঠাৎ প্রবল বেগে বাতাস এল। ফলে বৃক্ষটিতে যেসব শুকনো পাতা ছিল সেগুলো ভরে গেল এবং যেসব কাঁচা পাতা ছিল সেগুলো রয়ে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, এ বৃক্ষটির উপমা কি? উত্তরে উপস্থিত লোকজন বলল, আল্লাহ্ ও তাঁর রাসূলই বেশি জ্ঞাত। তখন তিনি বললেন, বৃক্ষটির উপমা হচ্ছে ঐ মু'মিন বান্দার ন্যায় আল্লাহ্ তা'আলার ভয়ে যার গা শিউরে উঠে এবং তখন তার গুণাহসমূহ ঝরে যায় এবং তার নেকীসমূহ রয়ে যায়।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5148- وَفِي رِوَايَة للبيهقي قَالَ كُنَّا جُلُوسًا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تَحت الشَّجَرَة فهاجت الرّيح فَوَقع مَا كَانَ فِيهَا من ورق نخر وَبَقِي مَا كَانَ من ورق أَخْضَر فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا مثل هَذِه الشَّجَرَة فَقَالَ الْقَوْم الله وَرَسُوله أعلم فَقَالَ مثل الْمُؤمن إِذا اقشعر من خشيَة الله عز وَجل وَقعت عَنهُ ذنُوبه وَبقيت لَهُ حَسَنَاته

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর ভয়ে বান্দার শরীরের লোম শিউরে উঠার অর্থ হল বান্দা মানবীয় দুর্বলতার কারণে যা করেছে তা যে মন্দ ও অন্যায় এবং তার কৃত অপরাধের জন্য যে তাকে শাস্তি দান করা হবে, তা সে উপলব্ধি করেছে। মানুষ যখন অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়, মনেপ্রাণে আল্লাহর আযাবকে ভয় করে এবং তা থেকে বাঁচতে চায়, তখন আল্লাহ তার অপরাধ মাফ করে দেন। যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তাকে আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহর শাস্তি থেকে মানুষ একমাত্র তখনই রক্ষা পেতে পারে যখন আল্লাহ দয়া পরবশ হয়ে তার কৃত অপরাধ মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন এবং আমাদেরকে তাঁর রহমতের চাদরে আবৃত রাখুন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান