আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫২৯৬
অধ্যায়ঃ জানাযা
অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার প্রতি উৎসাহ প্রদান ও তার প্রতি গুরুত্বারোপ এবং অসুস্থ ব্যক্তির দু'আর উৎসাহ প্রদান
৫২৯৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন রুগ্ন ব্যক্তিকে দেখতে যায়, তাকে আকাশ থেকে একজন ঘোষণাকারী ডেকে বলে, তুমি খুব ভাল করেছ, তোমার পদক্ষেপ ভাল হয়েছে এবং তুমি জান্নাতের একটি মনযিল লাভ করেছ।
(তিরমিযী ইবন মাজাহ ও ইবন হিব্বান-স্বীয় 'সহীহ'-এ সকলেই আবু সিনানের সনদে হাদীসটি বর্ণণা করেছেন। আবু সিনানের নাম ঈসা ইবন সিনান কাসমালী। তিনি উসমান ইবন আবু সাওদার সূত্রে আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী হাদীসটিকে হাসান আখ্যায়িত করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা ইবন মাজাহ বর্ণিত। নবী (ﷺ) থেকে ইবন হিব্বান বর্ণিত রিওয়ায়েতের পাঠ এরূপঃ "যখন মানুষ তার ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে যায় অথবা সাক্ষাৎ করতে যায় তখন আল্লাহ্ তা'আলা বলেন, তুমি ভালই করেছ, তোমার পদক্ষেপ ভাল হয়েছে এবং তুমি জান্নাতের একটি মনযিল লাভ করেছ।")
كتاب الجنائز
التَّرْغِيب فِي عِيَادَة المرضى وتأكيدها وَالتَّرْغِيب فِي دُعَاء الْمَرِيض
5296- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من عَاد مَرِيضا ناداه
مُنَاد من السَّمَاء طبت وطاب ممشاك وتبوأت من الْجنَّة منزلا

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه كلهم من طَرِيق أبي سِنَان وَهُوَ عِيسَى بن سِنَان الْقَسْمَلِي عَن عُثْمَان بن أبي سَوْدَة عَنهُ
وَلَفظ ابْن حبَان عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذا عَاد الرجل أَخَاهُ أَو زَارَهُ قَالَ الله تَعَالَى طبت وطاب ممشاك وتبوأت منزلا فِي الْجنَّة

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে রোগী দেখতে যাওয়ার ফযীলত বর্ণিত হয়েছে। যাত্রাকালে ঘোষক অর্থাৎ ফিরিশতা তাকে ডেকে বলে- طِبْتَ (তুমি আনন্দিত হও)। অর্থাৎ তোমার এ গমনের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে যে বিরাট পুরস্কার বরাদ্দ আছে, সেজন্য তুমি খুশি হও। অথবা এর অর্থ, তুমি পবিত্র হয়ে গেলে। এটা পাপের মলিনতা থেকে পবিত্রতা। রোগী দেখতে গেলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন। অনুরূপ মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলেও।

ফিরিশতা আরও বলে- وَطَابٌ مَمْشَاكَ (তোমার চলা কল্যাণকর হোক)। অর্থাৎ এ চলার কারণে আল্লাহর কাছে তোমার যে পুরস্কার বরাদ্দ আছে কিংবা এর দ্বারা তোমার যে গুনাহ মাফ হবে তা তোমার পক্ষে এক বিরাট কল্যাণ। সে কল্যাণ তোমার লাভ হোক।

ফিরিশতা সবশেষে সুসংবাদ দেয়- وَتَبَوَّأْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلًا (এবং তুমি জান্নাতে ঠিকানা লাভ কর)। অর্থাৎ এ যাত্রার বিনিময়ে জান্নাতে আল্লাহ তাআলা তোমার জন্য একটি ঠিকানা, একটি নিবাস স্থির করে রেখেছেন। আল্লাহর কাছে আমরা দুআ করি তুমি যেন তোমার সে ঠিকানায় পৌঁছতে পার। আল্লাহু আকবার! কত সহজ কাজের কত বড় পুরস্কার! দয়াময় মহান আল্লাহ বান্দার ছোট ছোট কাজের বিনিময়েও এভাবে বড় বড় পুরস্কার দিয়ে থাকেন।

রোগী দেখতে যাওয়া সম্পর্কেই অপর এক হাদীছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

وَمَنْ عَادَ أَخَاهُ الْمُؤْمِ خاض فِي رِبَاضِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ

‘যে ব্যক্তি তার অসুস্থ মুমিন ভাইকে দেখতে যায়, সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে।২৩৬

প্রকাশ থাকে যে, নেককার লোকদের জন্য ফিরিশতাদের দুআ করার কথা কুরআন মাজীদের বিভিন্ন আয়াতেও বর্ণিত আছে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে অবশ্যই দেখতে যাওয়া চাই।

খ. ফিরিশতাগণ নেককার মানুষের জন্য দুআ করে থাকে। তাদের দুআলাভের আকাঙ্ক্ষা থাকা চাই ।

গ. ভালো কাজের বিনিময়ে জান্নাতে পুরস্কার বরাদ্দ আছে। ভালো কাজ সে নিয়তেই করা উচিত, দুনিয়ার উদ্দেশ্যে নয়।

২৩৬. তাবারানী, আল মু'জামুল কাবীর, হাদীছ নং ৭৩৮৯
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান