মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৯০
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: সালাতের পরে তাসবীহ, তাহমীদ, তাকবীর ও ইস্তেগফার পাঠ করা প্রসঙ্গে অবতীর্ণ হাদীসসমূহ
(৭৮৬) রাসূলুল্লাহ্ (সা)-এর গোলাম সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল (সা) সালাত শেষে ফিরে যাওয়ার ইচ্ছা করতেন। তখন তিন বার "আস্তাগফিরুল্লাহ" পড়তেন। তারপর পড়তেন এ দু'আটি اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ (অর্থাৎ হে আল্লাহ! তুমি শান্তিময় এবং তোমার থেকেই শান্তি। তুমি বরকতময় হে মহিমান্বিত ও সম্মানিত।)
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ।)
كتاب الصلاة
2 - باب ما جاء في التسبيح والتحميد والتكبير والاستغفار عقب الصلوات
(790) عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن ينصرف (2) من صلاته استغفر ثلاث مرات ثم قال: اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام.

হাদীসের ব্যাখ্যা:

হযরত সাওবান (রা) বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ সচরাচর সালাম ফিরানোর পর তিনবার ইস্তিগফার করতেন অর্থাৎ আল্লাহর দরবারে তিনবার 'আস্তাগফিরুল্লাহ্' (আল্লাহ্ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি) পাঠ করতেন। এ হল, প্রকৃত অর্থে পূর্ণ দাসত্বের নযরানা পেশ করা। মুসল্লীর সালাত শেষে তার ভুল ত্রুটির ক্ষমা চেয়ে নেয়া উচিত।

হযরত সাওবান (রা) বর্ণিত হাদীসে ইস্তিগফার পাঠের পর যে একটি ক্ষুদ্র দু'আ বর্ণিত হয়েছে বিশুদ্ধ বর্ণনায় এতটুকুই পাওয়া যায় اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، ‌وَمِنْكَ ‌السَّلَامُ، ‌تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ সাধারণত ‌وَمِنْكَ ‌السَّلَامُ এর পর আরো বাড়িয়ে যে বলা হয় ‌"‌وإليك ‌يرجع ‌السلام، فحينا ربنا بالسلام، ‌وأدخلنا ‌الجنة ‌دار ‌السلام" হাদীস বিশারদগণ পরিষ্কার বলেছেন, এ বর্ধিত অংশ রাসূলুল্লাহ ﷺ থেকে বিশুদ্ধ ও প্রামাণ্য সূত্রে বর্ণিত হয়নি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান