মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৪১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : যে নারীকে বিয়ের পয়গাম দেয়া হয়েছে তাকে দেখা মুস্তাহাব হওয়া প্রসঙ্গ।
৪১। সহল ইবন আবূ হাসমা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ ইবন মাসলামা (রা)-কে দেখলাম যে তিনি জনৈকা মহিলাকে পশ্চাদ্ধাবন করছেন। অতঃপর তার দিকে তাকিয়ে তাকে দেখছেন। আমি বললাম, আপনি তার দিক তাকিয়ে তাকে দেখেছেন, অথচ আপনি মুহাম্মদ -এর সাহাবী? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি আল্লাহ তা'আলা কোন পুরুষের অন্তরে কোন মহিলাকে বিয়ের পয়গাম দেয়ার আকাঙ্খা সৃষ্টি করেন, তাহলে তাকে দেখতে কোন আপত্তি নেই।
(তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে) তিনি বলেন, আমি দেখলাম, মুহাম্মদ ইবন মাসলামা (রা) আবূ জুবাইরাহ আদ্দাহহাক (র)-এর বোন বুসাইনা বিনতে আদ্দাহ্হাক (র)-কে পশ্চাদ্ধাবন করছেন, অতঃপর তার দিকে তাকিয়ে দেখছেন- যখন সে তার বংশের লোকদের দেয়াল বিহীন ছাদে ছিল। অতঃপর তিনি উপরোক্ত হাদীস বর্ণনা করেন।
(ইবন মাজাহ, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদে হাজ্জাজ ইবনে আরতাহ আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। তবে ইবন হিব্বান "সহীহে” হাদীসটিকে অন্য সনদে বর্ণনা করেছেন এবং এটিতে সহীহ বলেছেন।)
كتاب النكاح
باب ما جاء فى استحباب النظر الى المخطوبة
عن سهل بن ابى حثمة (6) قال رأيت محمد بن مسلمة يطارد (7) امرأة ببصره (زاد فى رواية يريد ان ينظر اليها) فقلت تنظر اليها وانت من اصحاب محمد صلى الله عليه وسلم؟ فقال انى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا ألقى الله عز وجل فى قلب امرئ خطبة لامرأة فلا بأس ان ينظر اليها (وعنه من طريق ثان) (8) قال رأيت محمد بن مسلمة يطارد بثينة ابنة الضحاك اخت ابى جبيرة الضحاك وهى على إجّار لهم (9) فذكر الحديث

হাদীসের ব্যাখ্যা:

রাসুলুল্লাহ ﷺ-এর এসব নির্দেশাবলীর উদ্দেশ্য এটাই যে, বিয়ে-শাদীর বিষয় অতিশয় গুরুত্বপূর্ণ, যা সারা জীবনের জন্য এক সিদ্ধান্ত ও চুক্তিস্বরূপ। এটা সংগত নয় যে, চুক্তি অজ্ঞাতসারে অন্ধকারে হবে, বরং জ্ঞাতসারে এবং দেখেশুনে হওয়া চাই। নির্ভরযোগ্য লোক, বিশেষ করে মহিলাদের মাধ্যমেও সঠিক তথ্য সংগ্রহ করা যেতে পারে। যে মাধ্যমই অবলম্বন করা হোক না কেন, সর্বাবস্থায় এ কথার প্রতি লক্ষ্য রাখতে হবে যে, পাত্রী বা তার পারিবারিক লোকদের জন্য কঠিন এবং অনভিপ্রেত যেন না হয়। বরং এটা উত্তম যে, তারা বুঝতে পারবে না। সুনানে আবু দাউদে হযরত জারির (রা)-এর এ বর্ণনা এসেছে যে, আমি এক মহিলার জন্য বিয়ের প্রস্তাব নেওয়ার ইচ্ছা পোষণ করলাম। তখন রাসূলুল্লাহ ﷺ-এর এ নির্দেশ অনুযায়ী আমি তাকে গোপনে দেখার চেষ্টা চালিয়ে গেলাম। অবশেষে এ বিষয়ে আমি সফলকাম হলাম এবং আমি তাকে বিয়ে করলাম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান