মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২১৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : সহবাসকালে বিসমিল্লাহ বলা, আড়াল করা, পুনরায় সহবাস করার সময় অজু করা ও অন্যান্য।
২১৪। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাস করার সময় বলে:
بِسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ، وَجَيْبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا،
আল্লাহর নামে সহবাস করছি। হে আল্লাহ! আপনি আমাকে শয়তান থেকে দূরে রাখুন আর আমাদেরকে এ সহবাস দ্বারা যে সন্তান দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। আর তাতে তাদেরকে সন্তান দান করা হয় শয়তান কখনো তার ক্ষতি করতে পারে না।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب النكاح
باب التسمية والتستر عند الجماع والوضوء عند العود وغير ذلك
عن ابن عباس (5) أن رسول الله صل الله عليه وسلم قال لو أن أحدهم إذ أتى أهله (6) قال بسم الله اللهم جنبنى (7) الشيطان وجنب الشيطان ما رزقتنا (8) فان قدّر بينهما فى ذلك ولد لم يضر ذلك الولد الشيطان أبدا

হাদীসের ব্যাখ্যা:

শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহি আলাইহি এ হাদীসের ব্যাখ্যা প্রসঙ্গে লিখেন:
"এ হাদীসের দ্বারা প্রতীয়মান হয় যে, সঙ্গমকালে যদি আল্লাহর কাছে এরূপ দু'আ করা না হয় এবং আল্লাহর নাম বিস্মৃত হয়ে পশুর মত নিজের পাশবিক বৃত্তি চরিতার্থ করতে লেগে যায়, তাহলে সে সঙ্গমের ফলশ্রুতিতে ভূমিষ্ঠ সন্তান শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাবে না।"

তারপর তিনি আরো লিখেন:

"আজকের প্রজন্মের নীতি-নৈতিকতা বিবর্জিত হীন চরিত্রের গোড়ায় এ গলদই নিহিত রয়েছে।"

আল্লাহ তা'আলা আমাদেরকে রাসূলুল্লাহ ﷺ-এর হিদায়াতসমূহের উপর আমল করার এবং এগুলো থেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান