মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১০১
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দাঁড়ানো এবং হেলান দেয়া অবস্থায় খাওয়া মাকরূহ।
১০১। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে খেজুর হাদিয়া দেওয়া হলে তিনি একটি পাত্র দ্বারা পরিমাপ করে এগুলো বণ্টন করতে লাগলেন। আর আমি তার পক্ষ হতে (সংশ্লিষ্ট প্রত্যেকের নিকট) এগুলো বহন করে নিয়ে যাচ্ছিলাম। যখন তিনি একাজ হতে অবসর হলেন, তখন তিনি দুই হাটু উঁচু করে পাছা পাটিতে লাগিয়ে অতি দ্রুততার সঙ্গে খেজুর খেতে লাগলেন। সে সময় আমি তার খাওয়া দেখে তার ক্ষুধার পরিমাণ অনুভব করলাম।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)আমাকে এক প্রয়োজনে পাঠালেন। আমি ফিরে এসে দেখলাম যে, তিনি দুই হাটু উঁচু করে পাছা মাটিতে লাগিয়ে খেজুর খাচ্ছেন।
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ)
كتاب الأطعمة
باب كراهة الأكل قائما ومتكئاً
عن قتادة عن أنس بن مالك قال أهدي لرسول الله صلى الله عليه وسلم تمر فجعل يقسمه بمكتل واحد وأنا رسوله به حتى فرغ منه فجعل يأكل وهو مقع أكلا ذريعا فعرفت في أكله الجوع (وعنه من طريق ثان) قال بعثني النبي صلى الله عليه وسلم في حاجة فجئت وهو يأكل تمرا وهو مقع

হাদীসের ব্যাখ্যা:

الْمُقعِي শব্দটির উৎপত্তি إِقعَاءٌ থেকে। এর অর্থ এমনভাবে বসা, যাতে নিতম্ব মাটিতে থাকবে, দুই পায়ের নলা থাকবে খাড়া এবং দুই হাত দিয়ে নলা জড়িয়ে ধরা হবে। আরবীতে একে اِحْتِبَاءُ-ও বলা হয়। সাধারণত সেকালে গোলামেরা এভাবে বসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক সময় এভাবে বসতেন। এরূপ বসার দ্বারা বিনয় প্রকাশ পায়, যেহেতু এ বসাটা গোলামদের বসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

আল্লাহ তা'আলার বান্দা হিসেবে অন্য সকল ক্ষেত্রের মতো বসার বেলায়ও আমাদেরকে বিনয় অবলম্বন করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান