মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৩১
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালবাসে তাদের পুরস্কার এবং আল্লাহ্ তাদের জন্য বিরাট প্রতিদান ও চিরস্থায়ী নিয়ামত তৈরী করে রেখেছেন
৩১. সাহাল ইবন সা'য়াদ আস-সায়ীদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিন সবার আপন হয়, (সে অন্তরঙ্গ হয় এবং তার সাথে অন্তরঙ্গ হওয়া যায়।) যে অন্তরঙ্গ হয় না এবং যার সাথে অন্তরঙ্গ হওয়া যায় না, তার মাঝে কোনো কল্যাণ নেই।
كتاب المحبة والصحبة
باب ثواب المتحابين في الله وما اعده الله لهم من الأجر العظيم والنعيم المقيم
عن سهل بن سعد الساعدي قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مألفة (2) ولا خير فيمن لا يألف ولا يؤلف

হাদীসের ব্যাখ্যা:

যে হৃদয়ে ঈমান রয়েছে, সে হৃদয়ে হিংসা-বিদ্বেষ বাসা বাঁধতে পারে না। যে আল্লাহকে মহব্বত করে, সে আল্লাহর বান্দাদেরকেও মহব্বত করে। বিশ্বাসী ব্যক্তি শুধু নিজের কল্যাণ কামনা করেন না, বরং তিনি সকল মুসলমানের কল্যাণ কামনা করেন। তাই আলোচ্য হাদীসে মু'মিনকে বলা হয়েছে ভালবাসার বস্তু। অর্থাৎ মু'মিনের আপাদমস্তক প্রেম-প্রীতি ও ভালবাসায় পরিপূর্ণ। মু'মিন ব্যক্তি অপরকে ভালবাসেন এবং অপর মানুষের কোন ক্ষতি করেন না। তাই অপর মানুষও মু'মিনকে ভালবাসে। ভালবাসার অর্থ হল মানুষের মঙ্গল কামনা করা, মানুষকে অমঙ্গল থেকে রক্ষা করা, মানুষের বিরুদ্ধে কোনরূপ হিংসা-বিদ্বেষ পোষণ না করা, মানুষের উপর কোন প্রকার যুলম হলে তার প্রতিকার করা এবং তাকে আদর্শিক ও নৈতিক অধঃপতন থেকে রক্ষা করা। যখন মানুষকে আদর্শিক অধঃপতন থেকে রক্ষা করার চেষ্টা করা হয়, তখন আদর্শ বিভ্রান্ত ব্যক্তি দাওয়াত দানকারীকে শত্রু ভাবতে পারে, আদর্শের বিরোধিতা করতে পারে। যেরূপ রোগাক্রান্ত ব্যক্তির কটুক্তির প্রতি ডাক্তার কোনরূপ গুরুত্ব আরোপ না করে রোগ দূর করার চেষ্টা করেন, সেরূপ মুবাল্লিগ অবিরাম তার কাজ চালু রাখবেন। মনে রাখতে হবে, মু'মিন ব্যক্তি কখনো পাপী এবং কাফিরদের শত্রু নন, বরং পাপ ও কুফরের শত্রু এবং পাপ ও কুফরের মারাত্মক অমঙ্গল থেকে মানুষকে রক্ষা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাওয়া সর্বাধিক মঙ্গলের কাজ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান