মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ৪৭
যাকাত অধ্যায়
অভুক্ত-পিপাসিত পশুদেরকে খাবার-পানি দেওয়াও সদাকা বিশেষ
৪৭. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক দুশ্চরিত্রা নারীকে এ আমলের কারণে ক্ষমা করে দেওয়া হয়েছে যে, সে একটি কূপের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় দেখল যে, একটি কুকুর জিহ্বা বের করে আছে এবং (তার অবস্থা এই যে,) সে যেন পিপাসায় মরে যাবে। সে তখন তার পায়ের চামড়ার মোজা খুলল এবং নিজের ওড়নার সাথে বেঁধে নিল। তারপর এর দ্বারা কূপ থেকে পানি উঠিয়ে তাকে পান করাল। এ আমলের কারণে তাকে ক্ষমা করে দেওয়া হল। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! পশুদের সেবায়ও কি আমাদের জন্য পুণ্য রয়েছে? তিনি উত্তরে বললেন: অনুভূতিশীল প্রত্যেক প্রাণীর (যার ক্ষুধা তৃষার কষ্ট অনুভব হয়) সেবাতেই প্রতিদান রয়েছে। -বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : غُفِرَ لِامْرَأَةٍ مُومِسَةٍ ، مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ ، قَالَ : كَادَ يَقْتُلُهُ العَطَشُ ، فَنَزَعَتْ خُفَّهَا ، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا ، فَنَزَعَتْ لَهُ مِنَ المَاءِ ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ قِيْلَ إِنَّ لَنَا فِي البَهَائِمِ أَجْرًا؟ قَالَ : « نَعَمْ ، فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ"
(رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন আমল বাহ্যতঃ খুব ছোট ও মামুলী ধরনের হয়; কিন্তু কখনো কখনো এগুলো অন্তরের এমন অবস্থা ও এমন আবেগ-অনুভূতি নিয়ে করা হয়, যা আল্লাহ্ তা'আলার দৃষ্টিতে খুবই মূল্যবান ও প্রিয় হয়ে থাকে। এর জন্য আল্লাহ্ তা'আলার রহমতের দরিয়ায় ঢেউ জাগে। ফলে ঐ বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং তার জন্য জান্নাতের ফায়সালা করে দেওয়া হয়। হযরত আবূ হুরায়রা রাযি. বর্ণিত উপরের হাদীসে একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর উপর এক ভ্রষ্টা নারীর গুনাহমাফীর যে সুসংবাদ দেওয়া হয়েছে এর রহস্য এটাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান