মা'আরিফুল হাদীস
যাকাত অধ্যায়
হাদীস নং: ৪৯
যাকাত অধ্যায়
আল্লাহর বান্দাদেরকে কষ্ট থেকে বাঁচানোর বিনিময় জান্নাত
৪৯. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, যার উপর একটি গাছের ডাল ছিল। (যার দরুন চলাচলকারীদের কষ্ট হত।) লোকটি তখন মনে মনে বলল, আমি অবশ্যই এটা মুসলমানদের চলাচলের পথ থেকে সরিয়ে দেব, যাতে তাদের কষ্ট না হয়। (তারপর সে তাই করল।) ফলে তাকে জান্নাত দেওয়া হল। বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَرَّ رَجُلٌ بِغُصْنِ شَجَرَةٍ عَلَى ظَهْرِ طَرِيقٍ ، فَقَالَ : لَأُنَحِّيَنَّ هَذَا عَنِ طَرِيْقِ الْمُسْلِمِينَ لَا يُؤْذِيهِمْ فَأُدْخِلَ الْجَنَّةَ "
(رواه البخارى ومسلم)
(رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন আমল বাহ্যতঃ খুব ছোট ও মামুলী ধরনের হয়; কিন্তু কখনো কখনো এগুলো অন্তরের এমন অবস্থা ও এমন আবেগ-অনুভূতি নিয়ে করা হয়, যা আল্লাহ্ তা'আলার দৃষ্টিতে খুবই মূল্যবান ও প্রিয় হয়ে থাকে। এর জন্য আল্লাহ্ তা'আলার রহমতের দরিয়ায় ঢেউ জাগে। ফলে ঐ বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং তার জন্য জান্নাতের ফায়সালা করে দেওয়া হয়। হযরত আবূ হুরায়রা রাযি. বর্ণিত উপরের হাদীসে একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর উপর এক ভ্রষ্টা নারীর গুনাহমাফীর যে সুসংবাদ দেওয়া হয়েছে এবং এ হাদীসে মানুষের চলাচলের পথ থেকে কেবল একটি গাছের ডাল সরিয়ে দেওয়ার উপর এক ব্যক্তির জান্নাতে প্রবেশের যে সুসংবাদ দেওয়া হয়েছে, এর রহস্য এটাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)