মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ১৭৭
হজ্ব অধ্যায়
হজ্বের গুরুত্বপূর্ণ কার্যসমূহ: মক্কায় প্রবেশ ও প্রথম তাওয়াফ
১৭৭. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি: হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করা গুনাহমাফীর কারণ হয়। আমি তাঁকে একথাও বলতে শুনেছি যে, যে ব্যক্তি সাতবার বায়তুল্লাহর তাওয়াফ করবে এবং যত্নসহকারে এর তাওয়াফ করবে (অর্থাৎ, সুন্নত ও আদবের প্রতি লক্ষ্য রাখবে) তার এ কাজটি একটি গোলাম আযাদ করার সমান হবে। আর আমি তাঁকে একথাও বলতে শুনেছি যে, তাওয়াফের সময় যখন কোন বান্দা এক পা মাটিতে রাখে আর এক পা উপরে উঠায়, তখন আল্লাহ্ তা'আলা তার প্রতি কদমে একটি গুনাহ মাফ করে দেন এবং একটি নেকী নির্ধারণ করে দেন। -তিরমিযী
کتاب الحج
عَنِ ابْنِ عُمَرَ قَالَ : سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : إِنَّ مَسْحَهُمَا (الْحَجَرِ الْاَسْوَدِ وَالرُّكْنُ الْيَمَانِىْ) كَفَّارَةٌ لِلْخَطَايَا وَسَمِعْتُهُ ، يَقُولُ : مَنْ طَافَ بِهَذَا البَيْتِ أُسْبُوعًا فَأَحْصَاهُ كَانَ كَعِتْقِ رَقَبَةٍ وَسَمِعْتُهُ يَقُولُ : لاَ يَضَعُ قَدَمًا وَلاَ يَرْفَعُ أُخْرَى إِلاَّ حَطَّ اللَّهُ عَنْهُ بِهَا خَطِيئَةً وَكَتَبَ لَهُ بِهَا حَسَنَةً. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের শব্দমালা " مَنْ طَافَ بِهَذَا البَيْتِ أُسْبُوعًا " এর তরজমা আমরা লিখেছি 'যে ব্যক্তি সাতবার তাওয়াফ করেছে'। হাদীস ব্যাখ্যাতাগণ এখানে তিনটি অর্থের সম্ভাবনার কথা লিখেছেন: (১) তাওয়াফের সাতটি চক্কর, (আর আগেই উল্লেখ করা হয়েছে যে, একটি তাওয়াফে বায়তুল্লাহকে সাতবার প্রদক্ষিণ করা হয়।) (২) সাতটি তাওয়াফ, যার মধ্যে ৪৯টি চক্কর হয়। (৩) একাধারে সাত দিন তাওয়াফ করা। তবে প্রথম অর্থটিই প্রাধান্য পাওয়ার যোগ্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান