মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ১৯৮
হজ্ব অধ্যায়
খানায়ে কাবার দেওয়ালের প্রায় দু'গজ জায়গা যা হাজরে আসওয়াদ ও কাবার দরওয়াজার মাঝে অবস্থিত- এটাকে 'মুলতাযাম' বলা হয়। হজ্বের সুন্নত কাজসমূহের মধ্যে এটাও একটি সুন্নত যে, যদি সুযোগ হয়, তাহলে তাওয়াফের পর এটাকে জড়িয়ে ধরে দু‘আ করবে। নিম্নের হাদীস থেকে জানা যাবে যে, হুযুর (ﷺ) বিদায় হজ্বের সময় এমনই করেছিলেন।
১৯৮. আমর ইবনে শু'আইব তার পিতা শু'আইব থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আমার দাদা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি.-এর সাথে তাওয়াফ করছিলাম। এ সময় আমি কিছু লোককে দেখলাম যে, তারা বায়তুল্লাহকে জড়িয়ে ধরছে। আমি আমার দাদা (আব্দুল্লাহ ইবনে আমর)-কে বললাম, আমাকে এখানে নিয়ে চলুন, আমরাও তাদের সাথে বায়তুল্লাহকে জড়িয়ে ধরি। তিনি বললেন, আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি। (সম্ভবত এ কথার মর্ম এই ছিল যে, আমি যদি তাওয়াফের মাঝে ঐ লোকদের মত মুলতাযামের আসল জায়গার প্রতি লক্ষ্য না রেখে বায়তুল্লাহর কোন দেওয়ালকে জড়িয়ে ধরি, তাহলে এটা সুন্নতের খেলাফ ও ভুল হবে এবং এর দ্বারা আল্লাহ্ খুশী হবেন না; বরং শয়তান খুশী হবে। আর আমি শয়তানকে খুশী করতে চাই না; বরং তার থেকে আশ্রয় প্রার্থনা করি।)
শু'আইব বলেন, তারপর আমার দাদা যখন তাওয়াফ থেকে ফারেগ হলেন, তখন কাবার দেওয়ালের ঐ বিশেষ স্থানে আসলেন- যা কাবার দরওয়াজা ও হাজরে আসওয়াদের মাঝে অবস্থিত (যাকে মুলতাযাম বলা হয়) এবং আমাকে বললেন, আল্লাহর কসম! এটাই ঐ জায়গা, যাকে রাসূলুল্লাহ (ﷺ) বুকে জড়িয়ে ধরে ছিলেন। বায়হাকী

আর আবূ দাউদ শরীফের বর্ণনায় এসেছে যে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর মুলতাযামকে এভাবে জড়িয়ে ধরেছিলেন যে, নিজের বুক ও চেহারা এর সাথে লাগিয়ে দিয়েছিলেন এবং হাতও সম্পূর্ণ জড়িয়ে দিয়ে এর উপর রেখে দিয়েছিলেন। আর বলেছিলেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে এইরূপই করতে দেখেছি।
کتاب الحج
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ , عَنْ أَبِيهِ , قَالَ : " كُنْتُ أَطُوفُ مَعَ أَبِي عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ فَرَأَيْتُ قَوْمًا قَدِ الْتَزَمُوا الْبَيْتَ , فَقُلْتُ لَهُ : انْطَلِقْ بِنَا نَلْتَزِمِ الْبَيْتَ مَعَ هَؤُلَاءِ , فَقَالَ : أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ , فَلَمَّا فَرَغَ مِنْ طَوَافِهِ الْتَزَمَ مَا بَيْنَ الْبَابِ وَالْحَجَرِ , قَالَ : هَذَا وَاللهِ الْمَكَانُ الَّذِي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْتَزَمَهُ " (رواه البيهقى بهذا اللفظ)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, মুলতাযামকে জড়িয়ে ধরার এ আমলটি তাওয়াফের পরে হওয়া চাই এবং এর নির্দিষ্ট জায়গা মূলতাযামই। আল্লাহর প্রেমিকদের তখন মনের যে অবস্থা হয়, এটা কেবল তাদেরই অংশ, আর এটা হচ্ছে হজ্বের আবেগময় বিশেষ অবস্থাসমূহের একটি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান