মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ২১৪
হজ্ব অধ্যায়
মসজিদে নববী- হিজরতের পর মদীনা তৈয়্যেবায় রাসূলুল্লাহ (ﷺ) যার ভিত্তি রেখেছেন, তারপর যেখানে জীবনভর নামায পড়েছেন এবং যা তাঁর সারা জীবনের সকল দ্বীনি কর্মকান্ড, শিক্ষা-দীক্ষা, হেদায়াত ও পথপ্রদর্শন, দাওয়াত ও জেহাদের কেন্দ্র ছিল। আল্লাহ তা'আলা এটাকে তাঁর পবিত্র ঘর খানায়ে কা'বা ও মসজিদুল হারাম ছাড়া সকল ইবাদতগাহের উপর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছেন।
বিশুদ্ধ হাদীসে রয়েছে যে, এ মসজিদে নববীর একটি নামায সাধারণ অন্য মসজিদের হাজার নামাযের চেয়ে উত্তম।
২১৪. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার এ মসজিদে একটি নামায অন্যান্য সকল মসজিদের হাজার নামাযের চেয়ে উত্তম মসজিদুল হারাম ব্যতীত। -বুখারী, মুসলিম
کتاب الحج
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « صَلاَةٌ فِي مَسْجِدِي هذَا ، خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ. إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে মসজিদে নববীর নামাযকে মক্কার মসজিদুল হারাম ছাড়া অন্যান্য সাধারণ মসজিদের হাজার নামায অপেক্ষা উত্তম বলা হয়েছে। কিন্তু মসজিদুল হারামের নামাযের কি মর্তবা, সে ব্যাপারে এ হাদীসে কোন উল্লেখ নেই। তবে সামনের হাদীসে এ বিষয়টিও স্পষ্ট করে দেয়া হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান