মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৩৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
কুরআনের ধারক-বাহক যথার্থ ঈর্ষার পাত্র
৩৭. হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: ঈর্ষার পাত্র কেবল দু' ব্যক্তিই (এবং তাদের উপর ঈর্ষা করা যথার্থ।) (১) ঐ ব্যক্তি যাকে আল্লাহ্ তা'আলা কুরআনের দৌলত দান করেছেন, আর সে এতে রাত-দিন লেগে থাকে। (২) ঐ ব্যক্তি, যাকে আল্লাহ্ তা'আলা মাল-সম্পদ দান করেছেন, আর সে রাত-দিন এখান থেকে খরচ করে যায়। বুখারী, মুসলিম
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ عُمَرَ " لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللهُ الْقُرْآنَ فَهُوَ يَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ، وَآنَاءَ النَّهَارِ، وَرَجُلٌ آتَاهُ اللهُ مَالًا، فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ، وَآنَاءَ النَّهَارِ " (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

দিন রাত কুরআন নিয়ে ব্যস্ত থাকা ও এতে লেগে থাকার বিভিন্ন রূপ ও অবস্থা হতে পারে। (১) কেউ এটা শেখার ও শেখানোর কাজে লেগে থাকে। (২) নামায ও নামাযের বাইরে এর তেলাওয়াত করে। (৩) চিন্তা ও যত্নের সাথে এর বিধি-বিধান ও নির্দেশের উপর আমল করে। হাদীসের শব্দমালা فهو يقوم به آناء الليل وآناء النهار এ ধরনের সকল অবস্থাকেই পরিব্যাপ্ত করে আছে। বস্তুত কুরআন পাকের মহান নেয়ামতের শুকরিয়া এটাই যে, বান্দা এটাকে নিজের বৃত্তি ও নিজের জীবনের সংবিধান বানিয়ে নিবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান