মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৩৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
কুরআনের বিশেষ হক ও দাবী
৩৮. হযরত উবায়দা মুলাইকী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ হে কুরআনের অধিকারীগণ! তোমরা কুরআনকে বালিশ বানাবে না; বরং রাত দিন যথাযথভাবে এটা তেলাওয়াত কর, এর প্রচার কর, উৎসাহের সাথে মজা নিয়ে নিয়ে পাঠ কর এবং এতে চিন্তা-গবেষণা কর। আশা করা যায় যে, তোমরা সফলকাম হবে। আর তোমরা এর নগদ বিনিময় গ্রহণের চিন্তা করো না। কেননা, এর মহা-প্রতিদান (সময়মত) তোমরা পেয়ে যাবে। বায়হাকী
کتاب الاذکار والدعوات
عَنْ عُبَيْدَةَ الْمُلَيْكِيِّ، اَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَا أَهْلَ الْقُرْآنِ، لَا تَتَوَسَّدُوا الْقُرْآنَ وَاتْلُوهُ حَقَّ تِلَاوَتِهِ آنَاءَ اللَّيْلِ وَالنَّهَارِ وَأَفْشُوهُ، وَتَغَنَّوْهُ وَتَدَبَّرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ، وَلَا تَعْجَلُوا تِلَاوَتَهُ فَإِنَّ لَهُ ثَوَابًا " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, আল্লাহ্ তা'আলা তাঁর যেসব বান্দাকে কুরআনের সম্পদ দান করেছেন, তারা যেন এর উপরই ভরসা করে বসে না থাকে যে, আমাদের কাছে কুরআন রয়েছে এবং আমরা কুরআনধারী; বরং তাদের উচিত, তারা যেন কুরআন মজীদের হক আদায় করে, রাত-দিনের বিভিন্ন সময়ে যথার্থভাবে এর তেলাওয়াত করে, কুরআন ও কুরআনী হেদায়তের পয়গাম যেন অন্যদের নিকট পৌঁছে দেয়, মজা নিয়ে নিয়ে যেন এটা পাঠ করে, এর বিধি-বিধান, দিকনির্দেশনা, কাহিনী ও উপদেশসমূহের উপর যেন চিন্তা-গবেষণা করে। তারা যদি এমনটি করে, তাহলে তাদের সফলতার পূর্ণ আশা রয়েছে। আর তাদের উচিত, তারা যেন এই কুরআন শিক্ষা, শিক্ষাদান ও এর খেদমতের বিনিময় দুনিয়াতেই কামনা না করে। আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে এর অকল্পনীয় প্রতিদান ও বিরাট পুরস্কার অবশ্যই পাওয়া যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)