মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৭৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
দু'আর মর্যাদা ও মাহাত্ম্য
৭৪. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির জন্য দু'আর দরজা খুলে গেছে, তার জন্য রহমতের দরজা উন্মুক্ত হয়ে গেছে। আর আল্লাহর নিকট এর চাইতে প্রিয়তর আর কিছু নেই যে, বান্দা তার কাছে আফিয়ত প্রার্থনা করবে। (জামে 'তিরযিমী)
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ فُتِحَ لَهُ مِنْكُمْ بَابُ الدُّعَاءِ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الرَّحْمَةِ، وَمَا سُئِلَ اللَّهُ شَيْئًا يَعْنِي أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يُسْأَلَ العَافِيَةَ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
আফিয়তের মর্ম হচ্ছে এই যে, তাবৎ ইহলৌকিক পারলৌকিক যাহেরী বাতেনী আপদ-বিপদ ও বালা-মুসীবত থেকে বান্দা নিরাপদ ও হিফাযতে থাকবে। তাই যে ব্যক্তি আল্লার কাছে আফিয়াত প্রার্থনা করে, সে যেন প্রকাশ্যে স্বীকারোক্তি করে যে, আল্লাহর ফযল ও করম, তাঁর সদয় দৃষ্টি এবং হিফাযত ছাড়া সে জীবিত ও সুস্থ পর্যন্ত থাকতে পারে না। ছোটবড় কোন বিপদ থেকেও সে নিজে আত্মরক্ষা করতে অপারগ। তাই এরূপ দু'আই নিজের পূর্ণ দীনতা-হীনতা ও মুখাপেক্ষিতার পরাকাষ্ঠা প্রদর্শন এবং একটিই আবদিয়তের কামালিয়ত। এজন্যেই বান্দার আফিয়তের দু'আ আল্লাহর নিকট সকল দু'আর চাইতে প্রিয়তম।
দ্বিতীয় যে কথাটি এ হাদীসে বলা হয়েছে, তা হলো, যার জন্যে দু'আর দরজা খুলে গেছে অর্থাৎ দু'আর হাকীকত যে পেয়ে গেছে, অর্থাৎ যার কাছে দু'আর রহস্য উম্মোচিত হয়ে গেছে, আল্লাহর কাছে যাচ্ঞা করার কৌশল যার রপ্ত হয়ে গেছে, তার জন্যে রহমতে ইলাহীর দ্বার উন্মুক্ত হয়ে গেছে। দু'আ আসলে সে সমস্ত দু'আ বোধক শব্দের নাম নয়, যা রসনার দ্বারা উচ্চারিত হয়ে থাকে, এ শব্দগুলিকে তো বেশি থেকে বেশি দু'আর বহিরাবরণ বলা চলে। দু'আর হাকীকত হচ্ছে মানুষের কলব ও রূহের তলব ও তড়পানি, তার হৃদয়-মনের আকুলি, বিকুলি ও আকৃতি। হাদীসে পাকে এ বিশেষ অবস্থা সৃষ্টিকেই দু'আর দরজা খোলা বলে অভিহিত করা হয়েছে। বান্দা যখন তা পেয়ে যায় তখন রহমতের দরজা তার জন্যে খুলেই যায়। আল্লাহ তা'আলা তা সকলকে নসীব করুন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)