মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৭৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
দু'আর মকবুলিয়ত ও উপকারিতা
৭৯. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমি কি তোমাদেরকে এমন দুটি আমল বাৎলে দেব না, যা তোমাদেরকে তোমাদের শত্রুদের কবল থেকে রক্ষা করবে এবং তোমাদেরকে তোমাদের জীবিকা দেওয়াবে। তা হচ্ছে এই যে, তোমরা অহোরাত্র আল্লাহ তা'আলার দরবারে দু'আ করবে। কেননা দু'আ হচ্ছে মু'মিনের হাতিয়ার স্বরূপ। (অর্থাৎ এর বিশেষ ক্ষমতা রয়েছে)। -(মুসনদে আবু ইয়ালা মূসেলী)
کتاب الاذکار والدعوات
عَنْ جَابِرِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يُنْجِيكُمْ مِنْ عَدُوِّكُمْ وَيَدِرُّ لَكُمْ أَرْزَاقَكُمْ؟ تَدْعُونَ اللَّهَ فِي لَيْلِكُمْ وَنَهَارِكُمْ، فَإِنَّ الدُّعَاءَ سِلَاحُ الْمُؤْمِنِ» (رواه ابويعلى فى مسنده)

হাদীসের ব্যাখ্যা:

আসল দু'আ হচ্ছে ঐটি, যা অন্তরের গভীর থেকে নিঃসৃত এবং এই একীন-বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত যে, যমীন আসমানের সকল সম্পদ ভাণ্ডার একমাত্র আল্লাহরই ইখতিয়ারে রয়েছে। আর তিনি তাঁর দরজার ভিখারী বান্দাদেরকে দান করে থাকেন। আমি কেবল তখনই তা পেতে পারি, যখন তিনি তা আমাকে দান করবেন। তাঁর দরজা ছাড়া আর কোথাও আমি তা পাবো না। এ বিশ্বাস এবং নিজের একান্ত মুখাপেক্ষিতা এবং চরম নিঃস্বতার অনুভূতি সংক্রাত যে অবস্থার উদ্রেক বান্দার অন্তরে হয়ে থাকে, যাকে কুরআন শরীফে বলা হয়েছে اضطرار তাই হচ্ছে দু'আর প্রাণ। প্রকৃতপক্ষে বান্দা যখন এমন আকুতি নিয়ে কোন শত্রুর হামলা অথবা অন্য কোন বালা-মুসীবত থেকে রক্ষার জন্যে অথবা জীবিকা প্রশস্ত হওয়ার জন্যে অথবা এ জাতীয় অন্য কোন আম বা খাস প্রয়োজনে আল্লাহ তা'আলার দরবারে দু'আ করে তখন ঐ বদান্যশীল মহান সত্তার সাধারণ নিয়ম হচ্ছে, তিনি ঐ দু'আ কবুল করেন। এজন্যে দু'আ নিঃসন্দেহে ঐ সব বান্দার অনেক বড় হাতিয়ার বা অস্ত্রকোষ, যাদের ঈমান ও একীনের দৌলত এবং দু'আর রূহ ও হাকীকত নসীব হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান