মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১০৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
রুকু ও সাজদার দু'আসমূহ
১০৬. হযরত আওফ ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী করীম ﷺ-এর সাথে সালাতে দাঁড়ালাম। তিনি যখন রুকুতে গেলেন তখন এত দীর্ঘক্ষণ ধরে রুকুতে রইলেন, যতক্ষণে সূরা বাকারা পড়ে শেষ করা যায়। এ রুকুকালে তাঁর পবিত্র যবানে এ দু'আটি উচ্চারণ করছিলেন:
سُبْحَانَ ذِي الْجَبَرُوْتِ وَالْمَلَكُوْتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظْمَةِ.
"পবিত্র সেই সত্তা, যিনি প্রতাপ-বিক্রম, কর্তৃত্ব ও মাহাত্ম্যের অধিকারী।"
کتاب الاذکار والدعوات
عَنْ عَوْفِ بْنَ مَالِكٍ قَالَ: قُمْتُ مَعَ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَكَعَ مَكَثَ قَدْرَ سُورَةِ الْبَقَرَةِ يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ» (رواه النسائى)

হাদীসের ব্যাখ্যা:

মা'আরিফুল হাদীসের তৃতীয় খণ্ডে বর্ণিত হয়েছে, সাধারণত রাসূলুল্লাহ ﷺ রুকুতে سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ এবং সাজদাতে سُبْحَانَ رَبِّيَ الْأَعْلٰى পড়তেন এবং এটাই তিনি শিক্ষা দিয়েছেন। কিন্তু কোন কোন ক্ষেত্রে তিনি অন্যান্য দু'আও রুকু-সাজদাতে পড়েছেন, যদ্বারা আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করা হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন হাদীস সেখানে বর্ণিত হয়েছে। এছাড়া সেখানে আরো বলা হয়েছে যে, তিনি নফল সালাতসমূহে বিশেষত নৈশকালীন নফল সালাতসমূহে কোন কোন সময় দীর্ঘ থেকে দীর্ঘতর রুকু-সাজদা করতেন। আওফ ইবনে মালিক (রা) যে সালাতে তাঁর সাথে শরীক হয়েছিলেন, তাতে তিনি সূরা বাকারা পরিমাণ দীর্ঘ রুকু করেছিলেন, তাও ছিল নফল সালাত।

আল্লাহ তা'আলা আমাদেরকে-উম্মতীদেরকে এই আবেগ-আকৃতিপূর্ণ অবস্থার ফল নসীব করুন, যা ঐসময় নবী করীম ﷺ-এর হয়েছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান