মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৫৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
পানাহারকালীন দু'আ
১৫৭. হযরত মু'আয ইব্‌ন আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি কোন খাবার খেয়ে বলবে:

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّى وَلَا قُوَّة

সমস্ত প্রশংসা সেই আল্লাহ্, যিনি আমাকে এ খাবার খাওয়ালেন এবং আমার নিজ শক্তি-সামর্থ্য না থাকা সত্ত্বেও কেবল নিজ দয়ায় তা আমাকে জীবিকাস্বরূপ দিয়েছেন। সেই হামদ ও শুকরের বিনিময়ে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে।
(জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ مُعَاذِ بْنِ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَكَلَ طَعَامًا ثُمَّ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ، وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ» (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন আমল বাহ্যিকভাবে দেখতে খুবই নগণ্য হয়ে থাকে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা অনেক বড় এবং নেকির পাল্লায় তা অত্যন্ত ভারী হয়ে থাকে।

তার ফল হয় অত্যন্ত সুদূর প্রসারী ও অনন্য সাধারণ। এ হাদীসে বলা হয়েছে যে, যে ব্যক্তি খাদ্য গ্রহণের পর ইখলাসের সাথে এই স্বীকারোক্তি করে যে, এটা একান্তই আমার প্রতিপালক আল্লাহর দয়ার দান, আমার নিজ জ্ঞান-বুদ্ধি বা কৃতিত্বের ফসল নয়, যা কিছু তিনি দান করেছেন, নিজ দয়াবলেই দান করেছেন। সুতরাং সকল স্তব-স্তুতি ও শুকরিয়া কেবল তারই প্রাপ্য, তা হলে আল্লাহ তা'আলা তার এ প্রশংসা ও কৃতজ্ঞতার এতই কদর করবেন যে, তার অতীতের সকল গুনাহ তিনি মাফ করে দেবেন।

সুনানে আবু দাউদের রিওয়ায়াতে বর্ধিত আরো এতটুকু আছে যে, যে ব্যক্তি কাপড় পরিধান করে বলবে:
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّى وَلَا قُوَّةٍ
সমস্ত স্তব-স্তুতি ও শুকরিয়া সেই আল্লাহর, যিনি আমাকে এটা পরতে দিয়েছেন এবং আমার নিজের বিদ্যা-বুদ্ধি, শক্তি-সামর্থ্য-কৃতিত্ব ছাড়াই এটাকে আমার ভোগ্য করেছেন; তার পূর্ববর্তী ও পরবর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে।

আসলে বান্দার এই অনুভূতি ও একথা স্বীকার করে নেয়া যে, তার কাছে যা কিছু রয়েছে, তার সবটুকুই একান্তই তার প্রভু-পরোয়ারদিগারের দান, নিজের কোন কৃতিত্ব তাতে নেই। এটাই আবদিয়তের মূল কথা এবং আল্লাহর কাছে এর অত্যন্ত কদর রয়েছে। এ সত্য অনুধাবনের তাওফীক ও এরূপ একীন-বিশ্বাস তিনি আমাদেরকে নসীব করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান