মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৮৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
ক্রোধ কালীন দু'আ
১৮৭. হযরত মু'আয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ ﷺ-এর উপস্থিতিতে দুই ব্যক্তির মধ্যে বচসা হলো। এমন কি তাদের মধ্যকার এক জনের চেহারায় ক্রোধের চিহ্ন ফুটে উঠলো। তখন রাসূলুল্লাহ ﷺ বললেনঃ আমি এমন একটি কালিমা জানি, যদি ঐ ব্যক্তি তা উচ্চারণ করে নেয় তাহলে অবশ্যই তার ক্রোধ প্রশমিত হবে। সে কালিমাটি হচ্ছে:
أَعُوذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
-"বিতাড়িত শয়তানের কবল থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।"
-(তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ اسْتَبَّ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى عُرِفَ الْغَضَبُ فِي وَجْهِ أَحَدِهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ غَضَبُهُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيم. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

কোন ব্যক্তি যদি অনুভূতি ও দু'আর মনোভাব সহ প্রবল ক্রুদ্ধাবস্থায়ও এ কালিমাটি পাঠ করে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তা হলে আল্লাহ তা'আলা যে তার ক্রোধ প্রশমিত করে দেবেন তাতে সন্দেহ নেই। এভাবে সে ব্যক্তি ক্রোধের অনিষ্ট থেকে রক্ষা পাবে। কুরআন মজীদে তাই বলা হয়েছে:
{وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ} [فصلت: 36]
-"আর যদি শয়তানের পক্ষ থেকে কোনরূপ ওসওয়াসা তোমাকে স্পর্শ করে তবে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর। তিনি সম্যক শ্রবণকারী ও সম্যক জ্ঞানী।"
-(হা-মীম সাজদাহঃ ৩৬)
কিন্তু এটাও একটা বাস্তব সত্য যে, ক্রোধগ্রস্ত অবস্থায় লোক হিতাহিত জ্ঞান ও মানসিক ভারসাম্য হারিয়ে বসে। তখন এসব কথা তার প্রায়ই স্মরণ থাকে না। তখন তার হিতাকাঙ্খীদের উচিত তারা যেন হিকমতের সাথে তাকে তা স্মরণ করিয়ে দেন এবং রাসূলুল্লাহ ﷺ-এর এ সোনালী শিক্ষার পথে তাকে পথ প্রদর্শন করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান