মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২০১
আযকার এবং দাওয়াত অধ্যায়
নতুন চাঁদ দেখা কালীন দু'আ
২০১. হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ যখন কোন মাসের নতুন চাঁদ দেখতেন তখন এরূপ দু'আ করতেন:
اَللّٰهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللّٰهُ
হে আল্লাহ! এ চাঁদ আমাদের জন্যে নিরাপত্তা এবং ঈমান ও শান্তির চাঁদ হোক। হে চাঁদ, তোমার ও আমার উভয়ের প্রতিপালক হচ্ছেন আল্লাহ।
(জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْهِلالَ، قَالَ: " اللهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلامَةِ وَالْإِسْلامِ، رَبِّي وَرَبُّكَ اللهُ " (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

প্রতিটি মাস হচ্ছে জীবনের এক একটি মঞ্জিল। এক মাস সমাপ্ত হওয়ার পর অপর মাসের আগমন বার্তা নিয়ে আকাশে উদিত হয় নতুন চাঁদ। এ যেন জীবনের একটি মঞ্জিল অতিক্রম করে নতুন মঞ্জিলের পাশে যাত্রার ঘোষণা আর কি। এমন মওকায় পড়ার সবচাইতে উপযোগী দু'আ এটাই হতে পারে- “হে আল্লাহ্! এ চন্দ্রোদয়ের মাধ্যমে জীবনের যে মঞ্জিলটি অর্থাৎ নতুন মাস শুরু হচ্ছে তা যেন শান্তি-নিরাপত্তা এবং ঈমান-ইসলামের সাথে অতিবাহিত হয় এবং এতে যেন তোমার আনুগত্য নসীব হয়।" কেননা, এ পৃথিবীতে এমন লোকও আছে, যারা চাঁদকে একটা দেবতা জ্ঞানে তার পূজা করে। এজন্য রাসূলুল্লাহ ﷺ উপরোক্ত দু'আর সাথে সাথে এ ঘোষণাও করে দিতেন যে, চাঁদ বিশ্ব সৃষ্টার একটি সৃষ্টি মাত্র, আর যে ভাবে আল্লাহ আমাদের প্রতিপালক, ঠিক তেমনি চাঁদের স্রষ্টা এবং প্রতিপালকও সেই আল্লাহই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২০১ | মুসলিম বাংলা