মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৬২
আযকার এবং দাওয়াত অধ্যায়
আশ্রয় প্রার্থনামূলক দু'আসমূহ
২৬২. আবুল ইয়াসার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ দু'আ করতেন:

اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَمِنَ الْفَرَقِ وَالْحَرَقِ وَالهَرَمِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَمُوتَ لَدِيغًا

"হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমার উপর কোন কিছু (কোন ইমারত ইত্যাদি) পতিত হওয়া থেকে, আমার নিজের কোন উচ্চস্থান ইত্যাদি থেকে পতিত হওয়া থেকে, পানিতে ডুবে মারা যাওয়া থেকে, আগুনে পুড়ে মরা থেকে ও অতিবার্ধক্য থেকে। আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি মৃত্যুকালে শয়তান যেন আমাকে ওসওয়াসা বা কুপ্ররোচণা না দেয়।
আমি তোমার নিকট পানাহ্ চাইছি যে জিহাদের ময়দান থেকে পলায়ন করতে গিয়ে যেন আমি মৃত্যুবরণ না করি। আমি তোমার শরণ প্রার্থনা করছি যে, কোন কিছুর (বিষাক্ত প্রাণীর) দংশনে যেন আমার মৃত্যু না হয়।"
-(সুনানে আবূ দাউদ ও সুনানে নাসায়ী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي الْيَسَرِ، أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا» (رواه ابوداؤد والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

কোন প্রাচীর ইত্যাদির নীচে চাপা পড়ে মৃত্যু বা কোন উঁচু স্থান থেকে পতিত হয়ে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু অথবা আগুনে পুড়ে বা সর্প ইত্যাদি বিষাক্ত প্রাণীর ছোবলে মৃত্যু-এসবই হচ্ছে অপমৃত্যু, আকস্মিক মৃত্যু। মানুষ অত্যন্ত স্বাভাবিক ভাবেই স্বাভাবিক মৃত্যুর তুলনায় এ জাতীয় মৃত্যুকে বেশি ভয় করে থাকে। এ ছাড়া আরেকটি দিক হলো এ জাতীয় মৃত্যু হলে মানুষ মৃত্যুর জন্যে প্রস্তুতি গ্রহণের, ঈমানের নরায়নের তাওবা ইস্তিগফারের বা ইত্যাকার ব্যাপারের কোন সুযোগই পায় না- যা সচরাচর স্বাভাবিক মৃত্যুর পূর্বে পেয়ে থাকে। এ জন্যে একজন মু'মিনের এ জাতীয় মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করা উচিত।

অনুরূপভাবে জিহাদের ময়দান থেকে পলায়নকালীন মৃত্যু থেকেও আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করা উচিত। কেননা, আল্লাহর দৃষ্টিতে এটি একটি জঘন্য অপরাধ যে, বান্দা তারই পথে জিহাদ করতে গিয়ে পৃষ্ঠ প্রদর্শন করবে।

অনুরূপভাবে মৃত্যুর সময় শয়তানের প্ররোচণা থেকে রক্ষা পাওয়ার জন্যও আল্লাহর দরবারে অণুক্ষণ পানাহ চাওয়া উচিত, যেন শয়তান সেই নিদারুণ সময়ে ঈমান হারা ও বিভ্রান্ত করতে না পারে। কেননা, অন্তিম সময়ের ভালমন্দের উপরই একজন মানুষের সবকিছু নির্ভর করে।

মৃত্যুর যে সব আকস্মিক কারণ থেকে এ হাদীসে আশ্রয় প্রার্থনা করা হয়েছে, অন্য অনেক হাদীসে এগুলোকে শহীদী মৃত্যু বলে সুসংবাদ দেওয়া হয়েছে। এ দু'টি বক্তব্যের মধ্যে কোন বিরোধ-বৈপরীত্য নেই। নিজেদের মানবিক দুর্বলতার দিকে খেয়াল রেখে এরূপ আকস্মিক মৃত্যু থেকে আমাদের পানাহ্ চাওয়াই উচিত। কিন্তু যদি কারো ভাগ্যে আল্লাহর লিখন এরূপ মৃত্যুরই থাকে, তাহলে আরহামুর রাহিমীন-সকল দয়ালুর বড় দয়ালু আল্লাহর দয়ার প্রতি আশা রেখে আমাদের আশা করা উচিত আল্লাহ তা'আলা এ আকস্মিক মৃত্যুর জন্যেই তাকে শহীদী মৃত্যুর সম্মানে ভূষিত করবেন। সংশ্লিষ্ট ব্যক্তির আকীদা-বিশ্বাস ও আমলের দিক থেকে অবকাশ থাকলে মহান দয়ালু আল্লাহ্ মু'আমালা এরূপই হবে-এতে কোন সন্দেহ নেই।
إِنَّهُ غَفُورٌ رَّحِيمٌ
- নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান