মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৯০
আযকার এবং দাওয়াত অধ্যায়
ইস্তিগফার গোটা উম্মতের জন্যে নিরাপত্তা স্বরূপ

উপরে বর্ণিত হাদীসদ্বয়ে ইস্তিগফারের যে বরকত সমূহের কথা উল্লেখিত হয়েছে, তা ছিল ব্যক্তিগত পর্যায়ের অর্থাৎ তার সুফল ইস্তিগফারী ব্যক্তিরাই কেবল লাভ করবেন। পক্ষান্তরে নিম্নে বর্ণিত হাদীসের দ্বারা জানা যাবে যে, এই ব্যক্তিগত বরকত ছাড়াও ইস্তিগফারকারীদের ইস্তিগফারের এক বহু বড় এবং ব্যাপক বরকত এই যে. তা গোটা উম্মতের জন্যে ব্যাপক আযাব ও গযব থেকে নিরাপত্তা স্বরূপ এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর গোটা উম্মত এরই ছায়াতলে অবস্থান করেছে।
২৯০. হযরত আবূ মূসা আশআরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, আল্লাহ্ তা'আলা আমার উম্মতের জন্যে দু'টি নিরাপত্তা আমার প্রতি নাযিল করেছেন।
(সূরা আনফালে বলা হয়েছেঃ)
وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ.
"আল্লাহ তা'আলা এমনটি করবেন না যে, হে রাসূল, আপনি তাদের মধ্যে বিরাজমান থাকবেন আর আল্লাহ্ আযাব নাযিল করবেন; আর এমনটিও হতে পারে না যে, তারা ইস্তিগফার করতে থাকবে আর আল্লাহ্ তাদেরকে আযাবে লিপ্ত করবেন।"
(তিনি বলেন): তারপর যখন আমি চলে যাব, তখন কিয়ামত পর্যন্ত কালের জন্যে তোমাদের মধ্যে (নিরাপত্তা ও রক্ষাকবচ স্বরূপ) ইস্তিগফার রেখে যাব।
-(জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنْزَلَ اللَّهُ عَلَيَّ أَمَانَيْنِ لأُمَّتِي {وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ} فَإِذَا مَضَيْتُ تَرَكْتُ فِيهِمُ الاِسْتِغْفَارَ إِلَى يَوْمِ القِيَامَةِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে উক্ত আয়াতটি হচ্ছে সূরা আনফালের ৩৩ নং আয়াত যার উদ্ধৃতি হুযুর ﷺ দিয়েছেন। তাতে বলা হয়েছে যে, উম্মতের আযাব থেকে রক্ষাকবচ হচ্ছে দু'টি স্বয়ং নবী করীম ﷺ এর সত্তা- যতক্ষণ তিনি তাদের মধ্যে বিরাজমান থাকবেন, ততদিন পর্যন্ত সাধারণভাবে ও ব্যাপকভাবে আযাব দিয়ে তাদেরকে ধবংস করা হবে না। দ্বিতীয় যে ব্যাপারটি তাদের রক্ষা কবচ ও নিরাপত্তা স্বরূপ কাজ করছে, তা হলো তাদের নিজেদের ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর দরবারে ইস্তিগফার ও কান্নাকাটি করতে থাকবে, ততদিন পর্যন্ত ব্যাপক আযাব ও গযব দিয়ে তাদেরকে ধবংস করা হবে না। দু'টি রক্ষা কবচের একটি থেকে উম্মত হুযুর ﷺ-এর ইন্তিকালের সাথে সাথে বঞ্চিত হয়ে পড়েছে আর দ্বিতীয় রক্ষাকবচটি- যা তাঁরই বদৌলতে উম্মত লাভ করেছে অর্থাৎ ইস্তিগফার কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। উম্মত চরম বে-আমলী বদ-আমলীতে লিপ্ত থাকা সত্ত্বেও আজ পর্যন্ত অক্ষত ও নিরাপদে বেঁচে রয়েছে, ধ্বংস হয়ে যায়নি, তার মূলে এই ইস্তিগফারকারী বান্দাদের ইস্তিগফারেরই বরকতে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২৯০ | মুসলিম বাংলা