মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২৯৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
রাসূলুল্লাহ ﷺ-এর উল্লেখ কালে দরূদের ব্যাপারে গাফেল ব্যক্তিদের বঞ্চনা
২৯৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, অপদস্থ হোক সে ব্যক্তি, যার সম্মুখে আমার প্রসঙ্গ উত্থাপিত হল অথচ সে আমার প্রতি দরূদ পাঠ করলো না। অপদস্থ হোক সে ব্যক্তি যার জন্যে রমযান (এর মত রহমত ও মাগফিরাতের) মাস এলো এবং তার জন্যে মাগফিরাতের ফয়সালা না হতেই তা চলেও গেল। অপদস্থ হোক সে ব্যক্তি, যার পিতামাতা উভয়কে অথবা তাদের যে কোন একজনকে তাদের বার্ধক্যের অবস্থায় পেলো অথচ সে তাদের খিদমত ও সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে পারলো না।
(জামে' তিরমিযী)।
(জামে' তিরমিযী)।
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الكِبَرَ أَوْ أَحَدُهُمَا فَلَمْ يُدْخِلاَهُ الجَنَّةَ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে উক্ত তিন ব্যক্তির জন্যে অপমান ও বিড়ম্বনার বদদু'আ রয়েছে। তাদের তিন জনেরই অভিন্ন অপরাধ হচ্ছে আল্লাহ তা'আলা তাদের তিন জনকেই তাঁর রহমত ও মাগফিরাত লাভের সর্বোত্তম মওকা দিয়েছিলেন। কিন্তু তারা আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের সে সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার না করে বঞ্চনাকেই নিজেদের জন্যে বেছে নিয়েছে। নিঃসন্দেহে এ হতভাগারা এরূপ বদদু'আরই উপযুক্ত। পরবর্তী হাদীসের দ্বারা জানা যাবে, এ কমবখতদের জন্যে আল্লাহর সবচাইতে নৈকট্যপ্রাপ্ত ফিরিশতা জিবরাইল পর্যন্ত কঠোর বদদু'আ করেছেন। আল্লাহ রক্ষা করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)