মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৩০৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
দুনিয়ার যে কোন স্থান থেকে প্রেরিত দরূদ রাসূলুল্লাহ ﷺ-এর নিকট পৌছেনো হয়
৩০৭. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহর এমন কিছু ফিরিশতা রয়েছেন, যারা অহরহ পর্যটনরত। তাঁরা আমার উম্মতীদের সালাত ও সালাম আমার নিকট পৌঁছাতে থাকেন। - (সুনানে নাসায়ী ও মুসনাদে দারেমী)
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ، يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ» (رواه النسائى والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

হযরত আম্মার ইবনে ইয়াসির (রা) কর্তৃক বর্ণিত তাবারানীতে সঙ্কলিত অপর এক হাদীসে এতটুকু বিস্তারিত ও বর্ধিত বর্ণনাও আছে যে, সালাত সালাম নবীজীর খিদমতে উপস্থাপনকারী ফিরিশতাগণ সালাত ও দরূদ প্রেরণকারী উম্মতীর নামধামসহ তাঁর দরূদ পৌছিয়ে থাকেন। তারা এরূপ বলেন:
يَا مُحَمَّدُ صَلّٰى عَلَيْكَ فَلَانٌ كَذَا وَكَذَا
হে মুহাম্মদ! আপনার অমুক উম্মত আপনার প্রতি এরূপ এরূপভাবে সালাত-সালাম আরয করেছে। হযরত আম্মার (রা) বর্ণিত এ হাদীসেরই অন্যান্য কোন কোন রিওয়ায়াতে একথাও আছে যে, ফিরিশতাগণ উক্ত সালাত প্রেরণকারীর নাম তার পিতৃপরিচয়সহ এভাবে উল্লেখ করে থাকেন:
يَا مُحَمَّدُ صَلّٰى عَلَيْكَ فُلَانُ بْنُ فُلَانٍ
- হে মুহাম্মদ! অমুক অমুক তোমার উপর দরূদ পাঠ করেছে। কতই না সৌভাগ্য এবং কতই না সস্তা সওদা! যে উম্মতি খালিস অন্তরে সালাত ও সালাম আরয করে থাকে, তা তার নামধাম পিতৃপরিচয়সহ নবীজীর দরবারে পৌঁছে যায়! আর এভাবে এ বেচারা উম্মতীর সাথে সাথে তার পিতার নামটাও ফিরিশতাদের মাধ্যমে উক্ত উঁচু দরবারে পৌঁছে যায়!
جان میدهم در آرزوآی قاصد آخر باز گو
در مجلس آن ناز نین حرفی که از ما میرود
- হে বার্তাবহ! আকাঙ্ক্ষায় জীবন দেবো, অবশেষে বলবে সেই প্রিয় মজলিসে ক'টা কথা, যা যাবে আমার পক্ষ থেকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান