মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৩১৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি আমার প্রতি এরূপ দরূদ প্রেরণ করে:
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَتَرَحَّمْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا تَرَحَّمْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ
কিয়ামতের দিন আমি তার জন্যে সাক্ষ্য দেবো এবং তার জন্যে শাফা'আত বা সুপারিশ করবো। (তাবারী সঙ্কলিত তাহযীবুল আছার)
کتاب الاذکار والدعوات
عَن أبي هُرَيْرَة، رَفَعَهُ " من قَالَ: اللَّهُمَّ صَلِّ على مُحَمَّد وعَلى آل مُحَمَّد، كَمَا صليت على إِبْرَاهِيم وعَلى آل إِبْرَاهِيم، وَبَارك على مُحَمَّد وعَلى آل مُحَمَّد، كَمَا باركت على إِبْرَاهِيم وعَلى آل إِبْرَاهِيم، وترحم على مُحَمَّد وعَلى آل مُحَمَّد، كَمَا ترحمت على إِبْرَاهِيم وعَلى آل إِبْرَاهِيم، شهِدت لَهُ يَوْم الْقِيَامَة بِشَهَادَة، وشفعت لَهُ بشفاعة ". (رواه الطبرى فى تهذيب الآثار فتح البارى)

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবূ হুরায়রা (রা)-এর রিওয়ায়াতকৃত এ দরূদে রাসূলুল্লাহ ﷺ এবং তাঁর 'আলের' জন্যে সালাত ও বরকতের সাথে تَرَحَّمْ বা তাঁর প্রতি বাৎসল্য প্রদর্শনের দু'আও রয়েছে।

এখানে একটি কথা উল্লেখ্য, অনেক আলিম ও ফকীহ হযরত রাসূলুল্লাহ ﷺ-এর জন্যে রহমত এর দু'আ করতে বারণ করেন, কেননা, এটা হচ্ছে আম মু'মিনদের জন্যে দু'আ। কিন্তু সালাত ও সালাম-এর সাথে যদি ترحم বা তাঁর প্রতি দয়াপ্রবণ হওয়ার দু'আ করা হয়, তা হলে তাতে আপত্তি নেই। তাশাহহুদে প্রত্যেক সালাতেই পড়া হয়ে থাকেঃ
السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
এতে তাঁর প্রতি সালাম এর সাথে সাথে রহমতের দু'আও রয়েছে। অনুরূপ হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত এ দরূদে সালাত ও বরকতের দু'আর সাথে ترحم এর দু'আও করা হয়েছে। এভাবে ترحم এর দু'আ সালাত ও সালাম এর পূর্ণতা বিধানকারী বা সম্পূরক হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান