মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১১০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মুসলমানদের ইজ্জত ও সম্ভ্রমের হেফাযত ও সংরক্ষণ
১১০. হযরত আনাস রাযি. সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তির সামনে তার কোন মুসলমান ভাইয়ের গীবত ও নিন্দাবাদ করা হয় এবং সে এটা প্রতিহত করতে সক্ষম এবং প্রতিহত করে, আল্লাহ্ তা'আলা তাকে দুনিয়া ও আখেরাতে সাহায্য করবেন। আর প্রতিহত করার শক্তি থাকা সত্ত্বেও সে যদি এটা প্রতিহত ও তার সাহায্য না করে, তাহলে আল্লাহ তা'আলা তার এ ত্রুটির কারণে তাকে পাকড়াও করবেন। -শারহুস্সুন্নাহ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اغْتِيبَ عِنْدَهُ أَخُوهُ الْمُسْلِمُ، وَهُوَ يقْدِرُ عَلَى نَصْرِهِ، فَنَصَرَهُ، نَصَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ فَاِنْ لَّمْ يَنْصُرَهُ وَهُوَ يقْدِرُ عَلَى نَصْرِهِ، أَدَرَكَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ». (رواه البغوى فى شرح السنة)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকেই অনুমান করা যায় যে, একজন মুসলমান বান্দার ইজ্জত ও সম্ভ্রম আল্লাহ্ তা'আলার কাছে কত সম্মানিত এবং অন্য মুসলমানদের জন্য তার হেফাযত ও সাহায্য করা কোন পর্যায়ের দায়িত্ব ও এতে ত্রুটি করা কেমন মারাত্মক অপরাধ। আফসোস! রাসূলুল্লাহ (ﷺ)-এর উপদেশাবলীর এ গুরুত্বপূর্ণ অধ্যায়টি যেন উম্মত সম্পূর্ণ ভুলে গিয়েছে। নিঃসন্দেহে এটা আমাদের ঐ সমষ্টিগত গুনাহর অন্তর্ভুক্ত, যেগুলোর পরিণামে আমরা বহু শতাব্দীকাল ধরে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত, আমরা কেবল আঘাত খেয়ে যাচ্ছি আর অপমানিত হচ্ছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)