মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৩২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সালামের ব্যাপারে কিছু বিধি-বিধান ও নীতিমালা

রাসূলুল্লাহ (ﷺ) সালাম ও সালামের উত্তরের ব্যাপারে কিছু বিধান ও নীতিমালাও শিক্ষা দিয়েছেন। এগুলোর জন্য নিম্নের কয়েকটি হাদীস পাঠ করুন।
১৩২. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ছোট বড়কে সালাম করবে, পথচারী উপবিষ্টকে সালাম করবে এবং কম সংখ্যক লোক বেশী সংখ্যক লোকের জামা‘আতকে সালাম করবে। -বুখারী
(হযরত আবূ হুরায়রা রাযি.-এরই অন্য এক বর্ণনায় রয়েছে যে, যানবাহনে আরোহণকারী ব্যক্তি পদচারী যাত্রীকে সালাম দিবে।)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الْكَبِيرِ، وَالْمَارُّ عَلَى الْقَاعِدِ، وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ. (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, যখন একজন ছোট ও বড়র মধ্যে সাক্ষাত হয়, তখন যে ছোট সে অগ্রগামী হয়ে বড়কে সালাম করবে। তেমনিভাবে যখন কোন পথচারী কোন উপবিষ্ট ব্যক্তির পাশ দিয়ে যাবে, তখন পথচারী অগ্রগামী হয়ে উপবিষ্টকে সালাম দিবে। আর যখন দু'টি দলের মধ্যে সাক্ষাত হয়, তখন যে দলে তুলনামূলকভাবে লোকসংখ্যা কম থাকে, তারা বেশী সংখ্যক লোকের দলকে অগ্রগামী হয়ে সালাম দিবে। তেমনিভাবে যে ব্যক্তি কোন বাহনে আরোহণ করে যাচ্ছে, সে অগ্রগামী হয়ে পদচারী যাত্রীকে সালাম দিবে। এ নির্দেশের এ হেকমত ও রহস্য সুস্পষ্ট যে, আরোহী ব্যক্তির বাহ্যতঃ এক ধরনের জাগতিক উচ্চ মর্যাদা ও বড়ত্বের ভাব থাকে। তাই তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, সে পদচারী যাত্রীদেরকে সালাম দিয়ে নিজের বড়ত্বকে খর্ব করবে এবং বিনয় প্রকাশ করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৩২ | মুসলিম বাংলা