মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২২২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মদ ঔষধ হিসাবেও ব্যবহার করা যাবে না
২২২. হযরত ওয়ায়েল ইবনে হুজর হাযরামী রাযি. থেকে বর্ণিত, তারেক ইবনে সুওয়াইদ রাযি. রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে মদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তিনি তাকে নিষেধ করে দিলেন। তারেক বললেন, আমি তো এটা ঔষধ হিসাবে ব্যবহার করি। তিনি বললেন, এটা ঔষধ নয়; বরং এটা হচ্ছে রোগ। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ وَائِلٍ الْحَضْرَمِيِّ أَنَّ طَارِقَ بْنَ سُوَيْدٍ الْجُعْفِيَّ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ فَنَهَاهُ فَقَالَ إِنَّمَا أَصْنَعُهَا لِلدَّوَاءِ فَقَالَ: إِنَّهُ لَيْسَ بِدَوَاءٍ وَلَكِنَّهُ دَاءٌ. (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন প্রচ্ছন্ন ইঙ্গিতের ভিত্তিতে কিছু ইমাম ও আলেমদের অভিমত এই যে, এ হাদীসটি ঐ সময়কার, যখন মদ চূড়ান্তরূপে হারাম হওয়ার বিধান নাযিল হয়েছিল এবং রাসূলুল্লাহ (ﷺ) বিশেষ কল্যাণমূলক উদ্দেশ্যে ও প্রজ্ঞার আলোকে মদের ব্যাপারে জরুরী ভিত্তিতে চরম ও কঠোর নীতি অবলম্বন করে ছিলেন এবং এ ক্ষেত্রে এমন কিছু জিনিসও নিষেধ করে দিয়েছিলেন, যেগুলো পরবর্তীতে তিনি অনুমতি দিয়ে দেন। এ ভিত্তিতে ঐসব আলেম এ অবকাশ রয়েছে বলে মনে করেন যে, এমন কোন রোগী, যার জীবন সংঙ্কটাপন্ন, তার ব্যাপারে যদি নির্ভরযোগ্য ও অভিজ্ঞ চিকিৎসক বলেন যে, তার চিকিৎসায় মদ অপরিহার্য, তাহলে কেবল প্রয়োজন পরিমাণ মদ ব্যবহার করা যেতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)