মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৪৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কেমন লোকের খাদ্য খাওয়া যাবে না
৩৪৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, সব চেয়ে নিকৃষ্ট খাদ্য সেই ওলীমার খাদ্য, যাতে গরীবদের বাদ দিয়ে কেবল ধনীদের দাওয়াত করা হয়। যে ব্যক্তি (শরীয়াতের কারণ ছাড়া) দাওয়াত কবুল করল না সে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করল। (বুখারী, মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ، وَيُتْرَكُ الْفُقَرَاءُ، وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের প্রথম অংশের উদ্দেশ্য ও দাবি এই যে, যখন কোন ব্যক্তি ওলীমার আয়োজন করে তখন গরীব ও অভাবীদেরকে না এড়িয়ে তাদেরকে অবশ্যই দাওয়াত করবে। যে ওলীমাতে গরীবদের দাওয়াত না করে কেবল ধনী ও বড়লোকদের দাওয়াত করা হয় সে ওলীমার খাদ্য খাবারের যোগ্য নয়। এ কথা সুস্পষ্ট যে, ওলীমা ছাড়াও যাবতীয় দাওয়াতের নির্দেশও অনুরূপই।

হাদীসের দ্বিতীয় অংশের উদ্দেশ্য ও দাবি এই যে, যদি শরীয়াতের কোন বাধা বা বাধ্যবাধকতা না থাকে তবে মুসলমান ভাইয়ের দাওয়াত কবুল করা চাই। এতে অন্তরসমূহে অন্তরঙ্গতা সৃষ্টি হয়। আর কবুল না করার ফলে অন্তরসমূহে দূরত্ব ও খারাপ ধারণা সৃষ্টি হতে পারে। এজন্য বিনা কারণে দাওয়াত কবুল না করা আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর ইচ্ছা ও নির্দেশের পরিপন্থী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান