মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৬০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
তিন তালাক প্রদানের পরিণতি ও শরীয়তের হুকুম
৩৬০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, রিফাআ কুরাজি-এর স্ত্রী রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে হাযির হয়ে বলল, আমি রিফা'আর বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলাম। সে আমাকে তালাক দিয়েছে। আমার তালাক সম্পূর্ণ হয়েছে। (অর্থাৎ সে আমাকে তিন তালাক দিয়েছে) এরপর আমি আবদুর রহমান ইবনে জুবাইর-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিন্তু সে নপুংশক (অর্থাৎ বিবাহে যে বিশেষ উদ্দেশ্য অন্তর্নিহিত থাকে, সে এর উপযুক্ত নয়) রাসূলুল্লাহ ﷺ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি রিফা'আ-এর নিকট পুনরায় ফিরে যেতে চাও? যে বলল, জি হ্যাঁ। তিনি বললেন- না, যতক্ষণ না তুমি তার স্বাদ গ্রহণ কর এবং সে তোমার স্বাদ গ্রহণ করে। (বুখারী, মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ جَاءَتْ امْرَأَةُ رِفاعَةَ القُرَظِيِّ اِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: كُنْتُ عِنْدَ رِفَاعَةَ، فَطَلَّقَنِي، فَبَتَّ طَلاَقِي، فَتَزَوَّجْتُ بَعْدَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ وَمَا مَعَهُ إِلَّا مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ، فَقَالَ: «أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ؟ قَالَتْ: نَعَمْ قَالَ لَا حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ». (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

শরীয়তের এ নির্দেশ কুরআন মজীদেও বর্ণিত হয়েছে। সূরা বাকারায় বলা হয়েছে:

فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ

(অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে দুই তালাকের পর তৃতীয় তালাকও দিয়ে দেয় তবে সেই মহিলা এ স্বামীর জন্য তত সময় পর্যন্ত হালাল হবে না, যতক্ষণ না দ্বিতীয় স্বামীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়)। এরপর সেই দ্বিতীয় স্বামী যদি মৃত্যুবরণ করে অথবা তালাক দিয়ে দেয় তবে ইদ্দত পূর্ণ করার পর প্রথম স্বামীর সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।

বস্তুত আলোচ্য হাদীস থেকে এবং এছাড়াও বিভিন্ন হাদীসমূহ থেকে উল্লিখিত আয়াতের তাফসীর ও ব্যাখা এই জানা গেল যে, অন্য স্বামীর সাথে কেবল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যথেষ্ট নয় বরং সেই কাজও প্রয়োজন যা বিবাহের বিশেষ উদ্দেশ্য হয়ে থাকে। এ বিষয়ে উম্মতের অধিকাংশ আলিমগণের অভিমত এটাই। বিষয় হচ্ছে দ্বিতীয় স্বামীর সাথে যদি সহবাসের বাধ্যবাধকতা না থাকে তবে দ্বিতীয় বিবাহের শর্ত একেবারে মূল্যহীন ও অর্থহীন হয়ে দাঁড়াবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান