মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৯৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কর্জের বিষয় খুবই কঠিন এবং এ বিষয়ে কঠোর হুঁশিয়ারী
৩৯৭. হযরত আবদুল্লাহ ইব্ন জাফর ইব্ন আবু তালিব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, আল্লাহ তা'আলা ঋণগ্রস্তের সাথে আছেন ঋণ পরিশোধ পর্যন্ত যখন এ ঋণ কোন মন্দ কাজের জন্য গ্রহণ করা না হয়। (ইবনে মাজাহ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ مَعَ الدَّائِنِ حَتَّى يَقْضِيَ دَيْنَهُ، مَا لَمْ يَكُنْ فِيمَا يَكْرَهُ» (رواه ابن ماجة)
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ যে বান্দা নিজের বিশুদ্ধ প্রয়োজনে অথবা কোন পুণ্য কাজের জন্য ঋণ গ্রহণ করে আর সে তা পরিশোধের ইচ্ছায় ও চেষ্টায় থাকে তবে ঋণ পরিশোধ হওয়া পর্যন্ত আল্লাহ তা'আলার বিশেষ সাহায্য তার সাথে থাকবে। সুনানে ইবনে মাজাহর এ বর্ণনায়ই একথাও রয়েছে যে, হাদীসের বর্ণনাকারী আবদুল্লাহ ইব্ন জারির (রা) এ হাদীসের ভিত্তিতে সর্বদা ঋণগ্রস্ত থাকতেন। তিনি বলতেন, আমি চাই যে, আমার কোন দিন ও কোন রাত এরূপ অতিবাহিত হবে না যাতে আল্লাহ তা'আলার সাহায্য লাভে আমি সমর্থ হব না। তাঁর সম্বন্ধে উল্লিখিত আছে- তিনি খুবই দানশীল ছিলেন, এজন্য সর্বদা ঋণগ্রস্ত থাকতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)