মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৭৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কাযী ও হাকিম যারা যদি চিন্তাগত ভুল হয়ে যায়
৪৭৪. হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ও হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেন, যখন হাকিম (কোন বিষয়ে) ফায়সালা করতে চায় এবং (সত্য অনুযায়ী সঠিক ফয়সালা করার জন্য) চিন্তা-ভাবনা ও চেষ্টা করে, আর সঠিক ফায়সালা করে দেয়, তবে সে দ্বিগুণ পুরষ্কার পাবে। (একটি হলো সঠিক ফায়সালা করার নিয়ত ও চেষ্টার জন্য, অন্যটি সঠিক ফয়সালা করে দেওয়ার জন্য)। আর যদি সে প্রকৃত বিষয় জানার ও সঠিক ফায়সালা করার জন্য চেষ্টা করে এবং এতদসত্ত্বেও ভুল সিদ্ধান্ত দেয়, তবু সে একটি পুরস্কার পাবে। (অর্থাৎ সত্য অনুযায়ী ফায়সালা করার নিয়ত ও চেষ্টা-সাধনার জন্য)। (বুখারী, মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ، وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের উদ্দেশ্য প্রয়োজনানুযায়ী ব্যাখ্যাও অনুবাদের সাথে করা হয়েছে। এ হাদীস থেকে একটি বড় মূলনীতি এই জানা গেল যে, যদি হাকিম ও মুজতাহিদ কোন বিষয় ও মাসআলায় সত্যকে জানার যথাসাধ্য চেষ্টা করে, তখন সে যদি সঠিক পরিণতিতে পৌঁছতে সক্ষম না হয় তবু সে আল্লাহর নিকট প্রতিদান ও পুরস্কারের যোগ্য হবে। কেননা, সত্য ও সঠিক বিষয় জানার তার নিয়ত ছিল। আর এ জন্য যে চিন্তা-ভাবনা, পরিশ্রম ও চেষ্টা করেছে। এজন্য সে আদিষ্ট ছিল। তবে একথা সুস্পষ্ট যে, এর সম্পর্ক এ বিষয়ে যোগ্য লোকদের সাথে রয়েছে। অযোগ্য লোকদের ইজতিহাদ করার কেউই অনুমতি দিতে পারে না।

যে ব্যক্তি প্রাচীন বা আধুনিক চিকিৎসা বিদ্যা অর্জন করেনি, সে যদি চিকিৎসালয় খুলে বসে যায় এবং রোগীদের চিকিৎসা করে তবে সে অপরাধী ও জেলখানার যোগ্য হবে।

আমাদের ভাষায় যথার্থ উপমা হচ্ছে- "অর্ধ চিকিৎসক প্রাণের শংকা আর অর্ধ মোল্লা ঈমানের শংকা।" সামনে লিখিতব্য হাদীসে বিশদভাবে বলা হয়েছে, যে ব্যক্তি প্রয়োজনীয় জ্ঞান ও যোগ্যতা ছাড়া ফায়সালা করে, সে দোযখের যোগ্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান