মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৭৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাকিম ও কাযী হওয়া বড় পরীক্ষা ও বিপজ্জনক
৪৭৮. হযরত আবু হুরায়রা (রা) রাসুলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেন যে, অচিরেই তোমরা রাষ্ট্রীয় পদের লোভ করবে, আর কিয়ামতের দিন তা লজ্জা ও অপমানের কারণ হবে। রাষ্ট্রীয় ক্ষমতা ভাল লাগে দুধদায়িনীর মত আর রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর সময় বড় মন্দ লাগে দুধ বন্ধকারিণীর মত। (বুখারী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ الْقِيَامَةِ، فَنِعْمَ الْمُرْضِعَةُ وَبِئْسَتِ الْفَاطِمَةُ. (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ তাআলা রাসুলুল্লাহ ﷺ-এর প্রতি একথা প্রকাশ করে দেন যে, তাঁর উম্মতের মধ্যে রাষ্ট্র ও রাষ্ট্রীয় পদ লাভের আগ্রহ ও লালসা সৃষ্টি হবে। এরূপ লোকদেরকে তিনি সাবধান করে দেন যে, এই রাষ্ট্র-ক্ষমতা কিয়ামতের দিন বিরাট আক্ষেপ ও অপমানের কারণ হবে। যখন তাদেরকে আল্লাহ তা'আলার সমীপে রাষ্ট্রের হিসাব দিতে হবে। পরিশেষে তিনি বলেন যে, রাষ্ট্রীয় ক্ষমতা যখন কেউ পায় তখন বড় ভাল লাগে, যেমন দুধদায়িনীকে শিশু ভালবাসে। আর যখন রাষ্ট্রীয় ক্ষমতা হাত থেকে চলে যায় (হোক মৃত্যুর সময় অথবা জীবিতাবস্থায় এর থেকে বঞ্চিত অথবা ক্ষমতাচ্যুতির কারণে) তখন বড় খারাপ লাগে, যেমন দুধ বন্ধ কারিণীকে শিশুর খারাপ লাগে। উদ্দেশ্য এই যে, রাষ্ট্রীয় ক্ষমতার অভিলাষী ও অন্বেষণকারী লোকদেরকে তার শেষ পরিণতি সম্পর্কে অমনোযোগী না হওয়া চাই। কিয়ামতের দিন তাকে নিজের শাসনাধীন লক্ষ-কোটি লোকের অধিকার সম্পর্কে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ ﷺ-এর এ জাতীয় বাণীর এই প্রভাব পড়েছিল যে, বহু সাহাবা কিরাম রাষ্ট্রীয় ও বিচারালয়ের পদ থেকে দূরে থাকতে চাইতেন। ইমাম তিরমিযী বর্ণনা করেন যে, হযরত উসমান (রা) তাঁর খিলাফতকালে হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা)-কে কাযী বানাতে চাইলে তিনি কোনভাবেই রাযী হননি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান