মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৯০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
স্বয়ং রাসূলুল্লাহ ﷺ এর ফায়সালায় অন্যের জিনিস হালাল হয় না

কখনো এরূপ হয়ে থাকে যে, এক চালাক মামলাবাজ ব্যক্তি অন্যের জিনিসের ওপর মিথ্যা দাবি করে তার এমন প্রমাণ পেশ করে যে, বিচারক এটাকে সত্য মনে করে তার পক্ষে রায় দেন। অনুরূপভাবে কখনো কোন মিথ্যুক বিবাদী চটপটে বলা ও মিথ্যা শপথের দ্বারা নিজের সত্যতা সম্পর্কে বিচারকের বিশ্বাস জন্মায় এবং এতে প্রভাবান্বিত হয়ে বিচারক তার পক্ষে রায় প্রদান করেন। এতে বিচারকের এই ফয়সালায় উক্ত জিনিস সেই মিথ্যাবাদী বা বিবাদীর জন্য হালাল ও বৈধ হয় না। বরং হারামই থেকে যায়। পক্ষান্তরে মিথ্যা মোকদ্দমা দায়ের করা ও মিথ্যা শপথ গ্রহণের জন্য সে জাহান্নামী হয়ে যায়।

রাসূলুল্লাহ ﷺ বলেন, আমিও একজন মানুষ। মামলাবাজ ব্যক্তির বাক-চাতুর্যে প্রভাবান্বিত হয়ে আমার দ্বারাও এরূপ ফায়সালা জারী হতে পারে। তখন আমার ফায়সালায়ও সে জিনিস তার জন্য হালাল হবে না, হারামই থেকে যাবে। হাদীস এই-
৪৯০. হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, আমি তো কেবল এক মানুষ। তোমরা আমার নিকট নিজেদের ঝগড়া ও মোকাদ্দমা নিয়ে আস। হতে পারে তোমাদের এক ব্যক্তি বাকপটু অন্য ব্যক্তি হতে। এরপর আমি তার কথা শুনে সে অনুযায়ী তার পক্ষে ফয়সালা দিয়ে দেই। এভাবে আমি যার জন্য তার ভাই-এর জিনিসের ফয়সালা দিয়ে দেই সে যেন কখনো তা গ্রহণ না করে (তার মিথ্যা দাবি অথবা মিথ্যা শপথের ফলশ্রুতিতে) আমি যা দেই, তা (পরিণতির দিক থেকে) তার জন্য জাহান্নামের এক টুকরা। (বুখারী, মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَلْحَنَ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَأَقْضِيَ لَهُ عَلَى نَحْوِ مَا أَسْمَعُ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِشَيْئٍ مِنْ حَقِّ أَخِيهِ فَلاَ يَأْخُذْنَهُ، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ» (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, আমি একজন মানুষ ও বান্দা। আলিমুল গায়ব নই। হতে পারে কোন বাদী বা বিবাদীর বর্ণনা ও প্রমাণে প্রভাবান্বিত হয়ে তার পক্ষে ফায়সালা দিয়ে দেই। অথচ বাস্তবে এটা তার হক নয়। এমতাবস্থায় আমার ফায়সালা ও অন্য পক্ষের জিনিস তার জন্য হালাল ও বৈধ হবে না। বরং এটা তার জন্য জাহান্নাম হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান